বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আমরা কি মানুষ? আামাদের কি আলাদা কোন সত্বা আছে? নাকি নেই? আমরা আসলে আরো কোনো উন্নত বুদ্ধিমত্তার ‘কিছু’র হাতের পুতুল! যেখানে থ্রিডি ভিডিও গেমের এক একটা চরিত্র আমরা, সেসব নিয়ন্ত্রণ করে সেই ‘কিছু’!!
একদল বিজ্ঞানী কিন্তু এমনটিই মনে করেন। তাদের হাতে রয়েছে এর সপক্ষে শক্ত প্রমাণও। সম্প্রতি ক্যানিফোর্নিয়ায় হয়ে যাওয়া কোড কনফারেন্সে এই বিষয়টির উপর জোর দিয়ে বলেছেন বিজ্ঞানের আয়রন ম্যান খ্যাত এলন মাস্ক।
ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য প্যারালাল ইউনিভার্স (সমান্তরাল মহাবিশ্ব) বা মাল্টিভার্স (বহুবিশ্ব) কল্পনা করা যাক। অর্থাৎ ধরা যাক, আমরা রয়েছি এ ব্রহ্মাণ্ডে। ঠিক আমাদেরই মতো, একেবারে হুবহু এই ব্রহ্মাণ্ডের মতো আরেক ব্রহ্মাণ্ড চলেছে সময়ের পথে। যেখানে আমাদের মতোই সবকিছু। তার মানে এ মহাবিশ্বই একমাত্র নয়, রয়েছে একটি অথবা একাধিক কপি। সেক্ষেত্রে এই পৃথিবীর মতো রয়েছে আরেকটা বা অনেকগুলো পৃথিবী!
অবশ্য মাল্টিভার্স নিয়ে এখনও বিজ্ঞানীরা দ্বিধাবিভক্ত। যদি এই ধারণা সঠিক ধরে নেয়া হয় তাহলে মানতে হয়, আমরা যাকে বাস্তব বলে ভাবি, সেটার অস্তিত্ব নাও থাকতে পারে! আমাদের এই মহাবিশ্বই, আরও বিশাল কোনও মহাবিশ্বের হলোগ্রাম চিত্র হতে যা একটা 3D ছবির মতো!
কোড কনফারেন্সে এ নিয়ে কথা বলেছেন এলন মাস্ক। তিনি মনে করছেন, হয়ত আমরা, আমাদের থেকেও উন্নত কোনও ভিনগ্রহবাসীর ভিডিও গেমসের চরিত্র। তার ভাষায়, ‘…Participants in a giant simulation। আমরা যে কোনো কম্পিউটার সিম্যুলেশনের মধ্যে বাস করছি না এর সম্ভাবনা কয়েক বিলিয়ন ভাগের এক ভাগ মাত্র!’
তিনি বলেন, আমরা যে ভিডিও গেমস খেলি তার ইতিহাসটা একবার ভাবুন। 2D গেমস থেকে কীভাবে ধীরে ধীরে 3D গেমসে চলে গেছি। এখন তো আবার প্লে স্টেশনের যুগ। আমরা নিজেরাই ঢুকে পড়তে পারি ভার্চুয়াল রিয়েলিটির জগতে। একই গেম, একই সাথে, বিশ্বের সব প্রান্তের মানুষই খেলতে পারেন, অনলাইনে। গত ৪০ বছরে এই বিশাল পরিবর্তন। আগামী ৪০ বছরে কী হতে পারে ভাবতে পারেন?
এ প্রসঙ্গে মাস্ক বলেন, এরপর তো বাস্তব আর পরাবাস্তব গুলিয়ে যাবে। বাস্তবের সাথে সাথেই চলতে থাকবে সবকিছু। আরও ১০ হাজার বছর পরে যদি আমরা টিকে থাকি, তাহলে কোন জায়গায় পৌঁছে যাব আমরা? তাহলে এই একই কাজ ১০ হাজার বছর আগে অন্য কোনও ভিনগ্রহবাসীরা করেনি তো? আর আমরা হতেই পারি তাদের সেই চরিত্র, যেখানে রিয়েলিটি আর ভার্চুয়াল রিয়েলিটির সীমারেখা মুছে গেছে!
এলন মাস্কের এই কথাটাই ২০০৩ সালে বলেছিলেন সুইডিশ দার্শনিক নিক বোস্ট্রম। ফিলোসফিকাল কোয়ার্টারলিতে প্রকাশিত তার পেপারের নাম ছিল ‘Are you living in a computer simulation?’ তিনটি যুক্তি দিয়েছিলেন তিনি:
এক. পোস্টহিউম্যান পর্যায়ে যাওয়ার আগে সো কল্ড মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে।
দুই. যে কোনও পোস্ট হিউম্যান সভ্যতা পরাবাস্তবকে বাস্তবের সঙ্গে একাকার করে দিতে পারে।
তিন. সম্ভবত আমরা একটা কম্পিউটার সিম্যুলেশনের মধ্যে বাস করছি। মানে, আমরা বাস্তব নয়। পরাবাস্তবের হাতের পুতুল মাত্র।
এখানে পোস্টহিউম্যান বলতে বোস্ট্রম বলেছেন এমন একটা সময়ের কথা, যখন একটি মাত্র কম্পিউটার, গোটা মানবসভ্যতার চেতনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। সিম্যুলেট করতে পারে। ফলে কে বলতে পারে, হয়ত ভবিষ্যতে রোবট আর মানুষের পার্থক্য ঘুচবে!
তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম: আমরা নিজেদের নিয়ে সর্বক্ষণ যতোই ভাবি না কেন আসলে কোনোকিছুতেই আমাদের হাত নেই। আমাদের সুখ, দুঃখ, উদ্বেড়, উৎকণ্ঠা, প্রেম-ভালোবাসা, যুদ্ধ-বিগ্রহ, বিশাল কর্মযজ্ঞ সব কিছুই নির্ধারিত অথবা কম্পিউটার গেমের মতোই র্যানডম সিলেকশনের আকস্মিক ঘটনা। আমরা আসলে আরো উন্নত কোনো সভ্যতার ভাবনার ফসল। যেমনটি একজন প্রোগ্রামার কম্পিউটারে গেমের জন্য এক একটা চরিত্র তৈরি করে তার সবকিছু নির্ধারণে করে দেয়! গেমের চরিত্রগুলোর মতোই আমরা লাইফ পাই বা মনে যাই।
এই ধারণাটি বুঝতে সমস্যা হলে ম্যাট্রিক্স (Matrix) সিনেমাটা দেখে নিতে পারেন। অথবা স্পেল বাইন্ডার (Spell Binder) টিভি সিরিজও দেখা যেতে পারে।