সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৪ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এখন পযন্ত ১৪২৯ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ছয় পুলিশ সদস্য।
রাজধানী ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ আজ (৮ মে) এ তথ্য আপডেট করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৭০৮ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারি পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্ত সন্দেহে আরও ৪৭২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২৮১৪ জন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৯৬ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপরদিকে সারাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে।