জুলাই আন্দোলনে যাদের একদিনও দেখা যায়নি তারাই পরে জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২৬ এর নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকা কলেজে আয়োজিত ‘শ্বাশত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্বের নয়। জুলাই হলো জাতীয় অর্জন। এটি ছিল জাতীয় অধিকার প্রতিষ্ঠার লড়াই। একটি দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত ফসল হচ্ছে জুলাই।
তিনি বলেন, জুলাইয়ে ছাত্র, জনতা, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, যার শুরু করেছিল বিএনপি। বিএনপির নেতৃত্বে সব শ্রেণির মানুষ এক হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে। আর তাই ২৬ এর নির্বাচনে জনগণ বিএনপিকেই নির্বাচিত করেছে।