বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাগারে থাকা আসামী হরকাতুল জিহাদ সদস্য (হুজি) জাহাঙ্গীর আলমের পক্ষে আরও দুইজন সাফাই সাক্ষ্য দিয়েছেন। এরা হলেন- জাহাঙ্গীর আলমের প্রতিবেশী রাশেদা জাহেন চামেলী এবং মামা হাফিজুর রহমান।
মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষীদের মধ্যে রাশেদা জাহেন চামেলীর সাক্ষ্য শেষ হলেও হাফিজুর রহমানের শেষ হয়নি। বুধবার এ সাক্ষীর আবশিষ্ট সাফাই সাক্ষ্য গ্রহণ করবেন আদালত। মামলাটিতে গত ১২ জুন জামিনে ও কারাগারে থাকা ৩১ আসামীর আত্মপক্ষ শুনানি হয়। আত্মপক্ষ শুনানিতে ৩১ আসামীর সকলেই নিজেদেরকে নির্দোষ দাবি করেন। মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন আসামী পলাতক থাকায় তারা আত্মপক্ষ শুনানির সুযোগ পাননি।
মামলার আসামি খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, প্রাক্তন আইজিপি মোঃ আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন। অন্যদিকে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৩ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক। এ মামলার আসামি হুজি নেতা মুফতি হান্নান ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের অন্য মামলায় মৃত্যদন্ড কার্যকর হয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়। গ্রেনেডের ইসপ্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবণ শক্তি হারান।


