বিশেষ প্রতিবেদক : দেশের সাতটি বিভাগের ১৪ উপজেলায় আজ সোমবার ভোটগ্রহণ চলছে। এগুলোর ১১ উপজেলায় উপনির্বাচন হচ্ছে। এ ছাড়া চার পৌরসভাতেও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৮টা থেকে এসব উপজেলা ও পৌরসভার নির্দিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
পুরো নির্বাচন হচ্ছে এমন তিনটি উপজেলা হলো- সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর। উপনির্বাচনের ১১ উপজেলার মধ্যে রয়েছে- বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর ও কিশোরগঞ্জের হোসেনপুরে চেয়ারম্যান পদে। এছাড়া নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইসচেয়ারম্যান পদে ও পাবনার ঈশ্বরদীতে নারী ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হচ্ছে।
উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমন ৪ পৌরসভা হচ্ছে- পটুয়াখালীর গলাচিপায় মেয়র পদে, টাঙ্গাইলের সখীপুরের ২ নম্বরসাধারণ ওয়ার্ড, রাজশাহীর আড়ানি পৌরসভার ১নং ওয়ার্ড ও শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ চলছে।
জানা গেছে, কুমিল্লা আদর্শ সদর ও পটুয়াখালির রাঙ্গাবালী, খাগড়াছড়ির গুইমারা, সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি ছিল কম। তবে দুপুর থেকে ভোটার উপস্থিতি বাড়ছে। এখনো পর্যন্ত কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী এলাকায় সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এখনো পর্যন্ত কোথাও থেকে অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে।
ইসির কর্মকর্তারা জানান, দলীয় এ উপজেলানির্বাচনে তিনটি পদেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন। স্থানীয় সরকারের এনির্বাচনে তিনটি পদই দলীয় ভিত্তিতে হচ্ছে। এ কারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। সুষ্ঠু ভোটের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।




