নিউজ ডেস্কঃ পাকিস্তানের নাগরিক হয়েও নিজ বাড়ির ছাদে ভারতীয় পতাকা ওড়ানোর দায়ে ১০ বছরের কারাদণ্ড হতে পারে কোহলি ভক্ত উমর দারাজের। সেই সাথে রয়েছে আর্থিক জরিমানাও। তার বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ১২৩ এর ‘ক’ ধারায় মামলা করেছে পুলিশ।
লাহোর থেকে প্রায় ২’শ কিলোমিটার দুরে ওকোরা জেলায় বাস করেন কোহলি ভক্ত উমর দারাজ। গত ২৬ জানুয়ারি ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ম্যাচের আগে তিনি নিজ বাড়ির ছাদে উড়িয়েছিলেন ভারতীয় পতাকা।
স্রেফ কোহলি ভক্ত বলেই এ কাজ করেছিলেন বলে উমর দাবি করলেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তাকে ভারতীয় গুপ্তচর হিসেবে সন্দেহ করছে। এরই মধ্যে আদালতে জবান বন্দীও দিয়েছেন উমর। যেখানে তিনি কোহলি’র প্রতি ভালোবাসা থেকেই এ কাজ করেছিলেন বলে জানিয়েছেন।
পাশাপাশি সেখানে অন্য কোন উদ্দেশ্য ছিলো না বলেও দাবি করেন তিনি। সেই সাথে এভাবে পতাকা ওড়ানো যে অপরাধ হিসেবে বিবেচিত হবে, সেটি সম্পর্কেও জানতেন না এই পাকিস্তানি নাগরিক।