রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৩১ ডিসেম্বর ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ৭নং রাতোর ইউনিয়নে ভোট গণণাকে কেন্দ্র করে মোরগ মার্কার প্রার্থী হায়দার আলীর ঘনিষ্ট জন সাহাবুদ্দিন প্রিজাইডিং অফিসারের সার্টের কলার ধরে টানা হেচড়া করে ঘরের ভিতর আটকে রাখে।
এ ঘটনাকে কেন্দ্র করে এসআই আব্বাস বাদী হয়ে ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৩৫৩/৩৩২/৪২৭ ধারামতে থানায় মামলা করেন। মামলায় প্রকৃত অপরাধীদের ধরাছোয়ার বাইরে রেখে আসামী করা হয়েছে সুষ্ঠু নির্বাচন সম্পন্নের স্বপক্ষের লোকজনকে । এতে ঘর ছাড়া হয়ে পড়েছে এলাকার সংখ্যা লঘু সম্প্রদায়ের লোকজন ও রাতোর ইউনিয়নের আ’লীগ নেতাকর্মীরা। মিথ্যা মামলার শিকার হয়ে পুলিশের ভয়ে সংখ্যা লঘুর লোকজন বলে হামরা বাংলায় থাকমুনা ইন্ডিয়া চইল্যা যামু। রাত আসলেই পুলিশ আতংকে পুরুষ শূন্য হয়ে পড়ে পুরো গ্রাম।
সরেজমিনে গিয়ে জানা যায়, ৩১ ডিসেম্বর ভোট গণণা শেষে প্রিজাইডিং অফিসার মোঃ গোলম মোস্তফা মোরগ প্রতিকে ৪৩২ ও বল প্রতিকে ৪১৬ ভোট প্রাথমিক ভাবে ফলাফল ঘোষনা করেন । সন্দেহজনক হলে বল প্রতিকের এজেন্ট তসলিম পুনরায় ভোট গণণার আবেদন জানান। তিন শত ব্যালট গণণার পর মোরগ প্রতিকের ১০টি ভোট কমে আসে। বাকি ভোটগুলো গণণার দাবি জানালে উপজেলায় সব ভোট গণণা করা হবে বলে প্রিজাইডিং অফিসার জানান বলে এমন অভিযোগ উঠে। তাৎক্ষনিকভাবে ফলাফল ঘোষনা করার জোর দাবি জানায় মোরগ প্রতিকের প্রার্থী হায়দার আলীর লোকজন। মোরগ প্রতিকের এজেন্ট আঃ হামিদ প্রিজাইডিং অফিসারের সাটের কলার ধরে টানা হেঁচড়া করে ঘরের মধ্যে আটক রাখে। এক পর্যায়ে তার পক্ষের লোকজন পরিবেশ অশান্ত করে তোলে। টায়ারে আগুন লাগিয়ে আতংক ছড়ায়। গাড়ি ভাংচুর করে । বাঁশ কাঠ দিয়ে প্রশাসনের গতি রোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন হার্ড লাইনে অবস্থান নেন।
লাঠি চার্জের আঘাতে আহত হয়ে মোরগ প্রতিকের সমর্থিত কর্মী হাবিল, আঃ হামিদ, সাহাবুদ্দিন, স্ত্রীসহ হায়দার আলী, খাদেমুল, মাজহারুল, আশরাফুল, সাদ্দম হোসেন, বাবুল, আব্দুলের স্ত্রীসহ বেশ কয়েকজন মহিলা আহত হয়। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেয়। হটকারিতার অপরাধে আঃ হামিদকে আটক করে পুলিশ। অজ্ঞাত কারনে তাকে ছেড়ে দেয়া হয়। আনোয়ারুল, পানঠু কুমার, আলনসহ প্রতক্ষ্যদর্শীরা ঘটনা জানান। মামলায় আসামী করা হয় উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সদস্য শারওয়ার আলম রতন, ১নং ওয়ার্ড সহ-সভাপতি বিষ্ণ রায়, সাধারণ সম্পাদক সুবাস, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান ওরফে আবুল, সদস্য তসলিম সহ অজ্ঞাত অনেককে।
মামলার বাদি এসআই আব্বাসের সাথে মুঠোফোনে তিনি জানান, ঘটনাস্থলে হাজার হাজার লোক ছিল সঠিক কিছু বলা যাচ্ছে না। তবে ৪ থেকে ৫ শত জন অজ্ঞাত নামা আসামী আছে অপরাধীদের অবশ্যই ধরা হবে।
ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলী বলেন, সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনকে বলা হয়েছে। ঘটনার সাথে জড়িত নয় এমন কেউ যেন মামলার আসামী হয়ে ক্ষতিগ্রস্থ না হয় সে ব্যাপারে ও বলা হয়েছে।