পিআইডিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি এর পরিচালনায় দেশব্যাপী শুরু হতে যাওয়া ‘জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ উপলক্ষে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
এসময় তিনি জানান, জনগণের মৌলিক স্বাস্থ্য তথা মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সরকার অঙ্গীকারাবদ্ধ। এ ব্যাপারে সরকারের বিভিন্ন নীতিমালা ও গৃহীত পদক্ষেপের সুফল জনগণ ইতোমধ্যেই পেতে শুরু করেছে। বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ একটি অনুঘটক হিসাবে কাজ করেছে। ১৯৭৯ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় অনবদ্য ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে দেশে সরকারিভাবে বিনামূল্যে ১০টি মারাত্মক সংক্রামক রোগের বিরুদ্ধে শিশু ও সন্তান ধারণক্ষম মহিলাদের টিকা প্রদান করা হয়ে থাকে। উক্ত রোগসমূহের মধ্যে হাম ও রুবেলা অন্যতম মারাত্মক সংক্রামক দুটি রোগ।
• ২০২৩ সাল নাগাদ দেশ থেকে হাম-রুবেলা দূরীকরণের লক্ষ্যে আগামি ১৮ মার্চ হতে ১১ এপ্রিল, ২০২০ (৪ চৈত্র- ২৮ চৈত্র, ১৪২৬ ) দেশব্যাপী পরিচালিত হতে যাচ্ছে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০।
• এর আগে ২০০৬, ২০১০ সালে হাম টিকাদান ক্যাম্পেইন এবং ২০১৪ সালে দেশে হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালিত হয় এবং এর ফলে হাম-রুবেলা রোগের প্রাদুর্ভাব বহুলাংশে হ্রাস পায়।
• কিন্তু বিগত কয়েক বছরে আবার দেশে হাম-রুবেলার প্রকোপ (আউটব্রেক) বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে দেশে ৮২টি হাম-রুবেলার প্রকোপ (আউটব্রেক) হয়েছে।
• ২০১৫ সালে প্রতি দশ লাখে হাম রোগে আক্রান্তের সংখ্যা ছিল ১.৬ জন যা ২০১৯ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৭.১ জনে।
• এছাড়াও নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদারের পরও এমআর ১ম ডোজ টিকার ক্ষেত্রে ৫%-১৫% এবং ২য় ডোজ টিকার ক্ষেত্রে ১৫%-২০% শিশু টিকাদানের বাইরে তথা অরক্ষিত থেকে যাচ্ছে। এভাবে ৪-৫ বছরের মোট অরক্ষিত শিশুর সংখ্যা বার্ষিক জন্ম নেয়া শিশুর সংখ্যার সমান বা বেশি হয়ে যায় ফলে রোগের প্রকোপ দেখা দেয়।
• এসকল সমস্যা নিরসনে আসন্ন হাম-রুবেলা ক্যাম্পেইনে তিন সপ্তাহব্যাপী সারা দেশের ৯মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে এক (০১) ডোজ এমআর টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনটি দুইভাগে পরিচালিত হবে।
• ১৮ মার্চ-২৪ মার্চ, ২০২০ ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে সারা দেশের ১ লাখ ৭৩ হাজার ২৮৯টি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি বা সমপর্যায় পর্যন্ত অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে।
• ২৮ মার্চ- ১১ এপ্রিল, ২০২০ ক্যাম্পেইনের দ্বিতীয় সপ্তাহে ২ লাখ ৪৪ হাজার ৪৪৪টি নিয়মিত, স্থায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রের মাধ্যমে কম্যুনিটির উদ্দীষ্ট শিশু এবং যারা বিদ্যালয়ে যায় না বা ১ম সপ্তাহে বিদ্যালয়ে টিকা গ্রহণ করেনি তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে।
• এছাড়া ঝুঁকিতে থাকা শিশু অর্থাৎ দোকান বা বাজার, কারখানা, রাইস মিল ইত্যাদিতে কর্মরত মায়েদের শিশু, বেদে বহরের শিশু, সুবিধাবঞ্চিত শিশু যারা রেল/বাস স্টেশনে ঘুমায়, হাসপাতালে ভর্তি বা মায়েদের সাথে অবস্থানরত শিশু, জেলখানায় মায়েদের সাথে অবস্থানরত শিশু, পততালয়ের শিশু, বস্তির শিশু ও দুর্গম এলাকার শিশুদের টিকা প্রদানের জন্য সেসব এলাকায় আলাদা টিকাকেন্দ্র পরিচালিত হপবে।
• ক্যাম্পেইন শুরুর দিন হতে শেষদিন পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত টিকাদান কেন্দ্রসমূহে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।
• জনবলঃ
• টিকাদানকারীঃ ৫৩ হাজার ১৪৪ জন
• স্বেচ্ছাসেবকঃ ৪ লাখ ৭৬ হাজার ১৯৩ জন
• ১ম সারির সুপারভাইজারঃ ১৫ হাজার ৬৮৮
• ২য় সারির সুপারভাইজারঃ ২ হাজার ৫০০ জন
• হাম-রুবেলা টিকা খুবই নিরাপদ। টিকা দেয়ার পর সামান্য জ্বর-ব্যথা হতে পারে যা এমনিতেই ভাল হয়ে যায়। অন্য কোন সমস্যা হলে এলাকার স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করতে হবে কিংবা দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণের ব্যবস্থা করতে হবে।
• টিকা পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া ব্যবস্থাপনার অংশ হিসাবে মাঠ পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল স্তরে সুপ্রশিক্ষিত জনবলের সমন্বয়ে ব্যবস্থাপনা টিম গঠিন করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল এবং সিটি কর্পোরেশন জোনসমূহের নির্দিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে টিকা পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় জরুরি ঔষধ সরবরাহ করা হয়েছে।
• ক্যাম্পেইনকে সফল করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যেই জাতীয় পর্যায় থেকে শুরু করে বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় চিকিৎসক, স্বাস্থ্য সহকারি, সেবিকা ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণশালা সম্পন্ন করেছে। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতায় দেশব্যাপী অবহিতকরণ সভা আয়োজন সম্পন্ন করেছে।
• জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ বাস্তবায়ন করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবরের মতো এবারও সার্বিক প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করেছে। ক্যাম্পেইনকে সফল করতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত প্রয়োজন। আর তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন। আপনাদের লেখনি দিয়ে ব্যাপক প্রচার করে আমাদের এই প্রয়াসকে সফল করবেন এবং বাংলাদেশ থেকে হাম-রুবেলা দূরীকরণের মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমি আশা করছি।
• হাম-রুবেলা ক্যাম্পেইন চলাকালে ক্যাম্পেইন পর্যবেক্ষণ/ মনিটরিংয়ের জন্য জেলা, উপজেলা এবং কেন্দ্রে গঠিত কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা থাকবে।
এসময় তিনি জনগণের মৌলিক স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিশুদের নিয়ে একটি সুস্থ সবল জাতি গঠনের প্রত্যয়ে আগামি ১৮ মার্চ- ১১ এপ্রিল, ২০২০ খ্রিষ্টাব্দ (৪-২৮ চৈত্র, ১৪২৬) তিন সপ্তাহ দেশব্যাপী চলমান জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইনকে সর্বাত্মকভাবে সফল করে তু্লতে সকলের সাহায্য কামনা করেন।