সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে পিছিয়ে পড়া দেশগুলোর সহযোগিতায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘অ্যাকসিলারেটিং ইউনিভার্সাল হেলথ কভারেজ টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বহু দেশ এখনো পিছিয়ে আছে। তাদের সহযোগিতা করা প্রয়োজন। আমাদের যে অভিজ্ঞতা সেটাও আমরা সবার সঙ্গে শেয়ার করতে রাজি। ‘আমি মনে করি আমাদের ইউভার্সাল হেলথ কেয়ারের যে বিষয়টি, আমাদের ধনী দেশগুলো তাদের আরও এগিযে আসতে হবে। এই ক্ষেত্রে তাদের ফান্ড (অর্থায়ন) দিতে হবে। ’
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে । ছোট্ট একটি দেশে এতো বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হলেও সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে।
তিনি বলেন, চিকিৎসকদের গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। যেন প্রান্তিক পর্যায়ের মানুষ সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়।
এসময় চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা কারিগরিতে দক্ষ জনশক্তি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।