মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার ভিডিও করতে গিয়ে ক্যামেরা ছিনিয়ে ফুটেজ ডিলিট করেছে এমপি প্রত্যাশী গোলাম সারোয়ার কবীরের কর্মীরা। রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় শ্রাবণী মন্ডল নামে এক স্কুল ছাত্রী আহত হয়েছে।
গোলাম সারোয়ার কবীর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি। এলাকাবাসী জানান, রবিবার দুপুরে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটে। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পারভেজ সিকদার পনির ও শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অনীক ইসলামের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পনির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার কবীরের সমর্থক ও অনীক মুন্সীগঞ্জ ১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের সমর্থক।





