বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সরকারি দেবেন্দ্র কলেজ দীর্ঘ ৮৪ বছর ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক আন্দোলনেও এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাবেকদের উল্লেখযোগ্য অবদান রয়েছে।
রোববার মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভাষাসৈনিক রফিকউদ্দিন আহমেদের মতো কৃতী ব্যক্তিত্ব এ কলেজের শিক্ষার্থী ছিলেন। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গণ-আন্দোলনে কলেজটির ভূমিকা ইতিহাসের অংশ হয়ে রয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে আফরোজা খানম বলেন, তাদের জন্য আরও সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদেশফেরত ও বিদেশগামী যাত্রীদের হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের আগে মন্ত্রী সরকারি দেবেন্দ্র কলেজে ‘শহীদ জিয়া’, ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘জুলাই স্মৃতি কর্নার’ উদ্বোধন করেন।
এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।