ক্রীড়া ডেস্ক: মাইকেল ফেলপস আরেকটি সোনা জিতেই রিও অলিম্পিক শেষ করলেন। যুক্তরাষ্ট্রের এই ‘জলদানব’ সতীর্থদের সঙ্গে জিতেছেন ছেলেদের ৪x১০০ মিটার মিডলে রিলের সোনা।
গেমসের অষ্টম দিনে বাংলাদেশ সময় রোববার সকালে ৪x১০০ মিটার মিডলে রিলের দ্বিতীয় লেগ শেষে এগিয়ে ছিল যুক্তরাজ্য দল। তৃতীয় লেগে পুলে ঝাঁপ দিয়ে যুক্তরাষ্ট্রকে লিড এনে দেন ফেলপস। লিডটা শেষ লেগে ধরে রাখেন ন্যাথান অ্যাড্রিয়ান।
রিওতে মোট পাঁচটি সোনা জিতলেন ফেলপস। সব মিলিয়ে অলিম্পিকে তার মোট সোনার সংখ্যা দাঁড়াল ২৩টি। ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ নিয়ে মোট পদক ২৮টি!
এবারের অলিম্পিকে ফেলপস নিজের প্রথম সোনাটি জেতেন গেমসের দ্বিতীয় দিনে সতীর্থদের সঙ্গে ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। চতুর্থ দিন ২০০ মিটার বাটারফ্লাইয়ের সোনার পদকটা গলায় ঝুলিয়েই আবার সুইমিংপুলে নেমে সতীর্থদের সঙ্গে জেতেন ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা।
এরপর ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতে ভেঙে দেন ২ হাজার বছর পুরানো এক রেকর্ড। শুধু গতকাল নিজের ‘প্রিয়’ ইভেন্ট ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিততে পারেননি ফেলপস, সন্তুষ্ট থেকেছিলেন রুপা নিয়ে। তবে শেষটা সোনা দিয়েই মুড়িয়ে রাখলেন ৩১ বছর বয়সি ‘জলদানব’।