বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার হারুন অর রশিদ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি করেছেন
সোমবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী এ আসামীকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ওই দোষ স্বীকারোক্তি গ্রহণ করে কারাগারে পাঠিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর মো: অর্জুন এ আসামীকে আদালতে হাজির করেন এবং দোষ স্বীকার করতে চাওয়ায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন।
এর আগে গত রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন ব্রিফিং করেন।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে সায়মা ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। ওই দিন সায়মা তার মাকে বলে যায় ‘ভবনের আট তলায় ফ্ল্যাট মালিক পারভেজের ছোট বাচ্চার সঙ্গে সে খেলবে। ওই ফ্ল্যাটে গেলে পারভেজের স্ত্রী জানান, তার মেয়ে ঘুমাচ্ছে। এ কারণে সায়মা বাসায় ফিরে আসছিল।’
আব্দুল বাতেন বলেন, ‘ভবনের লিফটে করে নামার সময় সায়মার সঙ্গে পারভেজের খালাতো ভাই হারুনের দেখা হয়। হারুন সায়মাকে ছাদ দেখানোর কথা বলে লিফট থেকে ছাদে নিয়ে যায়। এরপর সে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে সায়মা চিৎকার দেয়। এ সময় সে সায়মার মুখ চেপে ধরে এবং ধর্ষণ করে। পরে সায়মাকে নিস্তেজ দেখে তার গলায় দড়ি পেঁচিয়ে টেনে ফ্ল্যাটের রান্নাঘরে নিয়ে যায়। এরপর সায়মার লাশ সিঙ্কের নিচে রেখে হারুন পালিয়ে তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার ডাবরডাঙ্গায় চলে যায়।’
অভিযুক্ত হারুন ওই ভবনের ফ্ল্যাট মালিক পারভেজের খালাতো ভাই। গত দুই মাস ধরে পারভেজের বাসায় থাকতো।
এরও আগে গত শুক্রবার সন্ধ্যার পর থেকে সায়মার খোঁজ পাচ্ছিল না পরিবার। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবনির্মিত ভবনটির নবম তলার ফাঁকা ফ্ল্যাটের ভেতরে সায়মাকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওয়ারী সিলভারডেল স্কুলের নার্সারিতে পড়তো সায়মা।
এ ঘটনায় সায়মার বাবা আব্দুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।