যশোরের শার্শা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আলামিন হোসেন (৩৮) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাভারণের দক্ষিণ বুরুজবাগান এলাকা থেকে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ।
নিহত আলামিন হোসেন গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় স্বল্প খরচে চিকিৎসাসেবা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। সহজ-সরল আচরণ ও কম খরচে চিকিৎসা দেওয়ার কারণে স্থানীয়দের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়।
আটককৃতরা হলো- শার্শা থানার নাভারণ-দক্ষিণ বুরুজবাগান গ্রামের আবুল হোসেনের ছেলে আলাল হোসেন, জামির হোসেনের ছেলে লালন হোসেন এবং আব্দুল কাদেরের ছেলে সেলিম মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত আলামিনের পথরোধ করে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে, ব্যক্তিগত বিরোধের একটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে প্রায় তিন মাস আগে আলামিনের কাছ থেকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। তবে এসব তথ্যের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শার্শা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ, র্যাব ও ডিবি যৌথভাবে কাজ করছে। সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের এ ঘটনায় সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ক্যটাগরির আরো খবর..