রাজশাহী, ১১ জুলাই: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে কবি আল মাহমুদ’র জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় আলোচনা ও নিবেদিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
শব্দকলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর এবং শব্দকলার চেয়ারম্যান, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি জাকির আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবি ভাষা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ কামাল উদ্দিন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আতাউল্যাহ, আইন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সাহাল উদ্দিন, চারুকলা বিভাগের প্রফেসর ড. এএইচএম তাহমিদুর রহমান, বিশিষ্ট গবেষক জিল্লুর রহমান প্রমূখ।
বক্তাগণ বলেন, আল মাহমুদ একজন কবি, তাঁকে কবিতার বিচারে মূল্যায়ন করতে হবে। তিনি বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভাষা ও বিশ্বাসকে তিনি কবিতায় তুলে এনেছেন স্বকীয় ঢঙে। কবিতাকে জীবনের অর্থ এবং জীবনকে কবিতার অর্থ হিসেবে দেখেছেন তিনি। শব্দচয়ন, বাক্যগঠন, উপমা-উৎপ্রেক্ষা এবং চিত্রকল্প বিনির্মাণে আল মাহমুদ স্বকীয় ধারা নির্মাণে সফল হয়েছেন। তাঁর আধ্যাতিক চেতনা, প্রেম-দ্রোহ এবং স্বপ্নজয়ের প্রেরণা পাঠককে নতুন কল্পনায় ভাসিয়ে নিয়ে যায়। তাঁর শব্দভাষা এবং দেশজ চেতনার কারণে স্বমহিমায় ভাস্বর হয়ে থাকবেন মানুষের হৃদয়ে।
অনুষ্ঠানে কবি তানিয়া আনজু, মনোয়ারা নিপা, ফাহমিদা আকতার, জোহরা আকতার, মেসবাহুল ইসলাম, মুহাম্মদ আসিফসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ কবি-সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীগণ নিবেদিত কবিতা পাঠের পাশাপাশি কবি আল মাহমুদের কবিতা থেকেও আবৃত্তি করেন।