‘আজ কোন রাজনৈতিক দল জঙ্গি, তা দেশবাসী ভালো করেই জানে। বাংলাদেশে আজ জঙ্গির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আওয়ামী লীগ। তাদের সন্ত্রাস, নৈরাজ্যে, হত্যাযজ্ঞে গোটা দেশ আজ অগ্নিগর্ভ, ধ্বংসের দ্বারপ্রান্তে, দেশ আজ ব্যর্থ রাষ্ট্রে, জংলি রাষ্ট্রে পরিণত করেছে।’ বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ছে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ।। দলটি বলেছে, ‘আন্তর্জাতিক মানের ন্যায়সংগত ও বিশ্বাসযোগ্য, গ্রহনযোগ্য, নিরপেক্ষ কোনো তদন্ত ছাড়াই কোনো রাজনৈতিক দলকে অপবাদ দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা অন্যায় ও সংবিধান সম্মত নয়।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকার অগণতান্ত্রিক কাজ করে এক দফা আন্দোলন থেকে জনগণের মনোযোগ সরাতে পারবে না। আমরা দল-মত নির্বিশেষে গণতন্ত্রে বিশ্বাসী সকলকে রাষ্ট্রঘাতি-প্রাণঘাতি সরকারের পতনের আন্দোলন জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘৯০ পরবর্তীতে জামায়াতে ইসলামী, ‘জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ বিএনপির গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নির্দলীয় সরকারের দাবিতে একত্রে সংসদের ভেতর-বাইরে যুগপৎ আন্দোলনে ১৭৩ দিন হরতাল-অবরোধ করেছিল। সংসদ থেকে একত্রে পদত্যাগ করে গণতন্ত্রকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছিল। সে সময় শেখ হাসিনা জামায়াতের নেতাদেরকে পাশে বসিয়ে একত্রে কর্মসূচি দেওয়ার ছবি আজও মানুষের দৃশ্যপটে ভাসে।
তখন জামায়াতে ইসলামীকে তাদের স্বাধীনতাবিরোধী বা জঙ্গি মনে হয়নি। কারণ তখন জামায়াত আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে চলেছিল। আজ জামায়াত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করছে। তারা আজ আওয়ামী লীগের সঙ্গে নেই বলে আওয়ামী ভাষায় জঙ্গি হয়ে গেছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দল বা সংগঠন করা অধিকার। এই সাংবিধানিক অধিকার বলে তারা যেকোনো রাজনৈতিক দল, সংগঠন করতেই পারেন।