× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

রওশন এবার এরশাদের চিঠির জবাব দেবেন

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টিতে (জাপা) চলছে অস্থিরতা । দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের মধ্যে সমঝোতার কথা শোনা গেলেও, আবারও দুজন বিপরীতমুখী চলতে শুরু করেছেন। রোববার দুপুরে রওশনকে চিঠিতে এরশাদ বলেছেন, জিএম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান করার সিদ্ধান্ত বদল হবে না। অন্যদিকে বিকেলে জাতীয় সংসদে বিরোধী নেতার কার্যালয়ে জাপার সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয়, চিঠির জবাব দেবেন রওশন। জাপায় এরশাদের স্বেচ্ছাচারিতা চলবে না। মন্ত্রিসভা ছাড়বে না জাপা।

গত ১৭ জানুয়ারি থেকে জাপায় চলছে একের পর এক ঘটনা। গত শনিবার এক বিবৃতিতে রওশন বিবৃতিতে কো-চেয়ারম্যান নিয়োগ ও মহাসচিব পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান এরশাদকে। ২৪ ঘন্টা না পেরুতেই এরশাদ চিঠি দিয়ে বিরোধীদলীয় নেতাকে জানান, সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।

এর পরপরই রোববার দুই দফায় বৈঠক করে জাপার সংসদীয় দল। সংসদে থাকলেও রওশনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেননি এরশাদ। জাপা চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারে, এমন গুঞ্জন শোনা হলেও তাদের দেখা হয়নি।

জাপার সংসদীয় দলের বৈঠকের পর রওশনের রাজনৈতিক সচিব ফখরুল ইমাম জানান, জাপা চেয়ারম্যানের চিঠি এখনও হাতে পাননি বিরোধীদলীয় নেতা। চিঠি পড়ার পর জবাব দেবেন।

গত ১৭ জানুয়ারি ছোট ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করেন এরশাদ।  ঘোষণা দেন, তার অবর্তমানে কাদেরই হবে দলের নেতা। রওশনপন্থিরা এ সিদ্ধান্তে বিদ্রোহী হন। পরদিন রওশনকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন তারা। ১৯ জানুয়ারি জাপার সংসদীয় দল এরশাদের সিদ্ধান্ত প্রত্যাখান করে। ক্ষুদ্ধ এরশাদ ওই দিন মহাসচিব পদ থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে অব্যাহতি দিয়ে এবিএম রুহুল আমীন হাওলাদারকে ফিরিয়ে আনেন।

জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করার বিরোধিতা করলেও গত শনিবার রওশন জানান, তিনি জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়। তিনি জিএম কাদেরের নিয়োগ বাতিল চান। রওশন-কাদের বিরোধ বহুপুরনো। দেবর-ভাবীর সম্পর্ক রাজনীতিতে আসার পর থেকেই তিক্ত।

এরশাদ তার স্ত্রীকে ‘প্রিয় সহকর্মী’ সম্বোধন করে চিঠি পাঠান। এতে লেখেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে না পারায় তিনি দুঃখিত। গঠনতান্ত্রিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রওশনের উদ্দেশ্যে এরশাদ লেখেন, ‘একজন শীর্ষ নেতা এবং সিনিয়র প্রেসিডিয়াম সদস্য হিসেবে পার্টির চেয়ারম্যানের কাছে যে কোনো বিষয়ে বিবেচনার অনুরোধ জানাতে পারেন। তবে পার্টির স্বার্থে আপনার অনুরোধ বিবেচনা করতে না পারায় আমি দুঃখিত।’ রওশনকে পরিস্থিতি অনুধাবনের অনুরোধ করেন এরশাদ।

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে বিভ্রান্তি দূর করায় রওশনকে চিঠিতে ধন্যবাদ জানান এরশাদ। তিনি জানান, জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করতে রওশনের সম্মতি ছিল। তবে রওশনপন্থিদের দাবি, এরশাদ একক সিদ্ধান্তেই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করেছেন।

সংসদীয় দলের সভা শেষে একাধিক এমপি জানান, রওশনের অবস্থানকে সমর্থন করেছেন বৈঠকে উপস্থিত জাপার সংসদ সদস্যরা।

তারা জানান, ভবিষ্যতে দলে কোন সিদ্ধান্ত নিতে হলে এরশাদকে সংসদীয় দল ও প্রেসিডিয়ামের সঙ্গে আলোচনা করতে হবে।

বিরোধীদলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী জানান, বৈঠকে রাষ্ট্রপতির ভাষণে ওপর জাপার এমপিরা কে কতক্ষণ বক্তৃতা করবেন, তা নিয়েও আলোচনা হয়েছে। দলে চলমান অস্থিরতা নিয়েও আলোচনাও হয়েছে।

এদিকে জিএম কাদের রোববার এক দলীয় অনুষ্ঠানে বলেন, সত্যিকারের বিরোধীদল হতে হলে জাপাকে সরকার ছাড়তে হবে।

এ বক্তব্যের  প্রেক্ষিতে সংসদীয় দলের সভায় পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘সরকার ছাড়লেই জাপা বিরোধীদল হয়ে যাবে না, বরং দলের ক্ষতি হবে।’ সভায় উপস্থিত এমপিরা আনিসুল ইসলামদের এই বক্তব্য সমর্থন করেন। রওশন কো-চেয়ারম্যান হবেন কী না তা নিয়ে আলোচনা হয়। তবে জিএম কাদেরের সঙ্গে যৌথভাবে কো-চেয়ারম্যান হতে রাজী নন রওশন। দলের এমপিরা রওশনের অবস্থানকে সমর্থন করেন।

এরশাদপন্থি হিসেবে পরিচিত রহুল আমীন হাওলাদার, জিয়াউল হক মৃধা, নাসরিন হাওলাদার, সালমা ইসলামসহ আরো কয়েক এমপি সংসদে থাকলেও বৈঠকে যোগ দেননি।

সংসদীয় দলের বৈঠকের বিষয়ে রুহুল আমীন হাওলাদার বলেন, সংসদীয় দলের সভার বিষয়ে তিনি কিছু জানেন না।দলের চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সবাইকে মানতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..