যশোর প্রতিনিধি: যশোরে বর্ণাঢ্য কর্মসূচি’র মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার দিনের শুরুতে সকাল সাতটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ, আলী রায়হান, মীর জহুরুল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল প্রমুখ। পরে বেলুন ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে বকুলতলায় জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। এরপর দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।