মেহের আমজাদ, মেহেরপুর (১১-০৯-১৭): মেহেরপুরে জালনোট পাচার মামলায় ফজলুল হক (৫৫) নামের এক ব্যাক্তির ৭ বছর কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
গতকাল সোমবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ ২ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডিত ফজলুল হক মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত মেছের শেখের ছেলে।
মামলার এজহারে জানা যায়, ২০১২ সালের ৭ জুন গাংনী র্যাব-৬ ক্যাম্পের এসআই দেওয়ান ফজলুল হক ১৭টি ১ হাজার ও ৪০টি ৫শ টাকার জাল নোটসহ তাকে আটক করে। পরে মুজিবনগর থানায় তার নামে মামলা করা হয়। মামলায় ১৫ জনের সাক্ষি গ্রহন করা হয়।
মামলায় রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি আব্দুল জাব্বার এবং আসামী পক্ষে গোলাম মোস্তফা, খন্দকার একরামুল হক হীরা ও শহিদুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।