মেহের আমজাদ,মেহেরপুর (০৯-০২-১৭): মেহেরপুরে চাঁদাবাজি মামলায় শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাফিজুর রহমান পলেনসহ ৪ জনকে দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক মোঃ ছানাউল্ল্যাহ এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত অন্য আসামীরা হলো মাহফুজ ওরফে মাফুজ, তারিকুল ইসলাম লিখন ও শহিদুল ইসলাম। আদালতে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। বাকী ৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাদের বেকুসর খালাস প্রদান করেন।
মামলার বিবরনে জানা যায়, ২০১৬ সালের ৯ সেপ্টম্বর পাবনা জেলার আবু তালেব নামের এক ওষুধ ব্যাবসায়ী ওষুধ কিনে বাসস্টান্ড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পলেনসহ তার সঙ্গীরা আবু তালেবের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে মারধর করে ওষুধ ব্যাবসায়ীকে এবং তার কাছে থাকা ওষুধ ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই ওষুধ ব্যাবসায়ী মেহেরপুর সদর থানায় পলেনসহ ৭ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মেহেদী হাসান তদন্ত শেষে পুলিশ রিপোর্ট সিএস দাখিল করেন। মামলার নথিপত্র ও স্বাক্ষীদের স্বাক্ষ্য পর্যালোচনা করে আদালতের বিচারক ৪ আসামীর বিরুদ্ধে ওই আদেশ দেন । মামলায় রাষ্ট্র পক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর রুত শোভা মন্ডল এবং আসামী পক্ষে এ্যাড. মিয়াজান আলী ও খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়ীত্ব পালন করেন ।