মান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল দ্বিধ দন্দ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি টিপু’র

মান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল দ্বিধ দন্দ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি টিপু’র
মান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মান্দায় উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে পালিত হয়েছে দিনব্যাপী নানামুখী কর্মসূচি।
অভ্যন্তরীণ সকল ভেদাভেদ ভুলে দলটির উপজেলা, অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলজুড়ে পুরো এলাকা এক আনন্দঘন রাজনৈতিক মিলনমেলায় পরিণত হয়।
কর্মসূচির অংশ হিসেবে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে মান্দা উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান (মকে) এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম বাবুল চৌধুরী।
প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও এ সময় মান্দা উপজেলা বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ঐতিহাসিক পটভূমি, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় দলের আপসহীন ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে দলের মধ্যকার অভ্যন্তরীণ বিভেদ ও পারস্পরিক দূরত্ব ভুলে তৃণমূল পর্যায়ে একতা গড়ে তুলতে হবে। দলের মূল শক্তিই হচ্ছে মাঠপর্যায়ের নেতাকর্মীরা; তাই তৃণমূলকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। মোনাজাতে দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রয়াত নেতাকর্মীদের স্বাস্থ্য ও আত্মার কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থায়িত্ব এবং সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠান শেষে একটি আনন্দঘন ও বর্ণাঢ্য শোভাযাত্রা (র‌্যালি) বের করা হয়। র‌্যালিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান ‘উপজেলা চারমাথা’ প্রদক্ষিণ করে। পরবর্তীতে মান্দা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নানা রঙের ব্যানার, ফেস্টুন হাতে হাজারো নেতাকর্মীদের আনন্দমুখর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।