জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মান্দায় উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে পালিত হয়েছে দিনব্যাপী নানামুখী কর্মসূচি।
অভ্যন্তরীণ সকল ভেদাভেদ ভুলে দলটির উপজেলা, অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলজুড়ে পুরো এলাকা এক আনন্দঘন রাজনৈতিক মিলনমেলায় পরিণত হয়।
কর্মসূচির অংশ হিসেবে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে মান্দা উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান (মকে) এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম বাবুল চৌধুরী।
প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও এ সময় মান্দা উপজেলা বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ঐতিহাসিক পটভূমি, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় দলের আপসহীন ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে দলের মধ্যকার অভ্যন্তরীণ বিভেদ ও পারস্পরিক দূরত্ব ভুলে তৃণমূল পর্যায়ে একতা গড়ে তুলতে হবে। দলের মূল শক্তিই হচ্ছে মাঠপর্যায়ের নেতাকর্মীরা; তাই তৃণমূলকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। মোনাজাতে দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রয়াত নেতাকর্মীদের স্বাস্থ্য ও আত্মার কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থায়িত্ব এবং সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠান শেষে একটি আনন্দঘন ও বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। র্যালিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান ‘উপজেলা চারমাথা’ প্রদক্ষিণ করে। পরবর্তীতে মান্দা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নানা রঙের ব্যানার, ফেস্টুন হাতে হাজারো নেতাকর্মীদের আনন্দমুখর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।




