মাদারীপুরের রাজৈর উপজেলায় তিন সন্তানের জননী রুমি বেগম (২৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ মার্চ) উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামে।
নিহত রুমি বেগম ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় পুত্রবধূ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১২ সালে রাজৈর উপজেলার গোবিন্দপুর এলাকার মেয়ে রুমির সাথে শিপন মোল্লার বিয়ে হয়। তাদের সংসারে ১২, ৪ এবং ৩ বছর বয়সী তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের সাথে রুমির বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল। প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো বলে অভিযোগ উঠেছে।
নিহতের বড় বোন সুমি আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন: ”বিয়ের পর থেকেই আমার বোনটাকে ওরা শান্তিতে থাকতে দেয়নি। প্রতিনিয়ত ওর ওপর মানসিক ও শারীরিক চাপ দেওয়া হতো। গতকাল রাত ১০টার দিকেও ওর সাথে আমার স্বাভাবিক কথা হয়েছে। ওর শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না; ওকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ জানান, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছি। নিহতের পরিবার বর্তমানে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”