মাগুরা প্রতিনিধি ॥ নিরু হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। নিহত নিরুর স্ত্রী আখি আক্তার তার ৩ মাসের নাবালক শিশু কন্যাসহ ৩ সন্তান নিয়ে শহরের আল এহসান হাসপাতালে এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই হামিদুল হক।আখি আক্তার অভিযোগ করেন, পূর্ব বিরোধের জের ধরে তার শশুরবাড়ি এলাকার একটি প্রভাবশালী চক্র মুন্সী এমদাদুল হক নিরুকে ১৮ মে রাত্রে নৃশংশ ভাবে কুপিয়ে হত্যা করে। ভাড়াটিয়া সন্ত্রাসী চক্রকে ৫ লাখ টাকা দিয়ে তারা এ হত্যাকান্ড ঘটায়। ঘটনার পর আতাহারসহ একাধিক আটক ব্যক্তির বিচারিক স্বিকারোক্তিতে সেটি স্পষ্ট হয়েছে। কিন্তু তদপুরি প্রধান আসামী ইকবাল হোসেন কাবিলসহ ১১ আসামীর মধ্যে ৯ জন এখন প্রকাশ্যে ঘুরছে। পাশাপাশি তাদের পরিবারকে মামলা তুলে নিতে নানা হুমকি দিচ্ছে।
আখির অভিযোগ ইকবাল হোসেন কাবিল কাস্টমস কর্মকর্তা হওয়ায় বিপুল অর্থের বিনিময় মামলাটিকে অন্যদিকে নেওয়ার ষড়যন্ত্র করছেন। অথচ তিনি এ হত্যা কান্ডের মূল পরিকল্পনাকারী।
আখি আরো অভিযোগ করেন, হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী কাবিল যশোর কাস্টমস অফিসে কর্মকর্তা। তিনি মামলা তদন্তকারি সিআইডি কর্মকর্তা মোস্তফা কামালের যশোর কার্যালয় থেকে মাত্র ৫০ গজ দূরে নিয়মিত অফিস করছেন। কিন্তু আটক হচ্ছেনা। এ কারনে তারা মামলার অগ্রগতি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। তারা অবিলম্বে অভিয্ক্তুদের গ্রেফতার নিশ্চিত করার দাবী জানান।
এদিকে এ বিষয়ে মামলার প্রধান অভিয্ক্তু ইকবাল হোসেন কাবিলের ভাই আকিব হাসান অভিযোগ করেছেন, এলাকা ভিত্তিক দ্বন্দ্বের কারনে তার ভাই কাবিলসহ অনেককে ষড়যন্ত্রমূলক ভাবে আসামী করা হয়েছে। হত্যাকান্ডের পরপরই লিটন ও জাহাঙ্গীর নামে দুই যুবক হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে। সেখানে তারা মামলায় বর্ণিত আসামীদের নাম বলেনি।
বাদীরা পুলিশের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে পরবর্তীতে আতাহারসহ এজাহার বহির্ভূত দুজনকে দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে সেখানে ইকবাল হোসেনসহ অনেকের বিরুদ্ধে অভিযোগ দাড় করানোর চেষ্টা করছে।