আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস।
১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে গৌরবজ্জল বিজয়ের মাধ্যমে পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা ছিনিয়ে এনেছিলাম স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তির লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছিলেন এবং দেশ মাতৃকার জন্য বীরের মত যারা আত্মহুতি দিয়েছিলেন, স্বাধীনতার পক্ষে যারা বিদেশে প্রচারনা চালিয়েছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আমাদের মুক্তিবাহিনীকে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন সকলকে।
আজ এমন একটা দিনে আমরা বিজয় দিবস পালন করছি যখন স্বাধীনতার মহান চেতনা একটি দলীয় শাসনের কাছে জিম্মি। যারা স্বৈরাচারকে সাথে নিয়ে গণতন্ত্রের জন্য মায়া কান্না করে তাঁরা দেশ ও জাতির শত্রু। লাগামহীনভাবে যখন চাল ও পেয়াজের দাম বেড়ে চলেছে, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে তখন কোটি টাকা দিয়ে যন্ত্রমানবী ভাড়া করে জাতিকে মানবতার গান শুনানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী কুটনৈতিক, সাংবাদিকসহ ধারাবাহিকভাবে অনেকে গুমের শিকার হয়েছে। বিনা ভোটের এমপিদের কাছ থেকে আজ আমাদের গণতন্ত্রের সবক শুনতে হচ্ছে।
স্বাধীনতার ৪৬ বছরে আমাদের অর্জন অনেক। দেশে এবং বিদেশে বাংলাদেশীদের অক্লান্ত পরিশ্রম, মেধা আর মননে আজ আমরা মাথা উচুঁ করে দাড়াতে শিখেছি। আগুন সন্ত্রাস করে, পেট্রোলবোমা মেরে, ইতিহাস বিকৃত করে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টার মাধ্যমে এবং স্বাধীনতা বিরোধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে আমাদের অগ্রযাত্রাকে বারবার থামানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের দয়ায় বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বিকাশমান অর্থনীতি।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণে এগিয়ে চলেছে। এনডিএম এর অঙ্গীকার দেশ হবে জনতার।
জয় বাংলাদেশ।