বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)-এর সাথে আজ তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen সাক্ষাৎ করেছেন। এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বিদ্যমান দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় ও নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে চীনের সাথে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়া, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন স্থান বিশেষ করে কক্সবাজারের উন্নয়ন কার্যক্রমে চীনের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে উভয় দেশ যৌথভাবে কাজ করার ওপর আগ্রহ প্রকাশ করেন।