যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
রোববার ( ০৬ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১২৪ টি শাড়ী, ১২টি টু-পিছ, ৫৫টি পোষাক সামগ্রী, ৪ কেজি কিসমিস, ৫.৫ কেজি জিরা, ৪৪ প্যাকেট ফুসকা, ২৭টি টেনিস বল, ১কেজি আমসত্ব, ১২৫টি চকলেট ও ৪৮০টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১৩,৯৫,৫৬০/-(তেরো লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশত ষাট) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


