স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা হান্নান শাহের মরদেহ কাল বুধবার দেশে আসছে।
ওই দিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকেল ৫টার দিকে তার মরদেহ নিয়ে স্বজনদের ফেরার কথা রয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বিমানবন্দর থেকে হান্নান শাহের মরদেহ তার মহাখালীর বাসায় নেওয়া হবে। সেখানে কিছুক্ষণ রেখে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে লাশ সংরক্ষণ করা হবে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মরদেহের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর ডিওএইচএস মসজিদে। এরপর বেলা ১১টায় জাতীয় সংসদ ভবন এলাকায় এবং বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ আবারও সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হবে।
পরদিন শুক্রবার সড়কপথে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হবে তার নির্বাচনী এলাকা গাজীপুরে। সেখানে প্রথমে সকাল ৯টায় জয়দেবপুর রাজবাড়ী মাঠে, সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এবং বাদ জুমা মরহুমের গ্রাম চালা বাজার উচ্চবিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার করবের পাশেই সমাহিত করা হবে।
মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে হান্নান শাহ চিকিৎসাধীন অবস্থা শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন হান্নান শাহকে উন্নত চিকিৎসার জন্য গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। ওই হাসপাতালে তার হার্টের অপারেশন করা হয়।
এর আগে গত ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মহাখালী ডিওএইচএসের বাসা থেকে নিম্ন আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। সে সময় দ্রুত তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে কয়েকদিন রাখার পর চিকিৎসকদের পরামর্শক্রমে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
বিএনপির সর্বোচ্চ দলীয় নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ চারদলীয় জোট সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন। প্রাক্তন এই সেনা কর্মকর্তা চাকরিজীবন শেষে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতাসীন থাকার সময় পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।