“আগে নিজের ঘর সামলান, পরের ঘরের মাতব্বরি করা থামিয়ে দিন। ১৮ কোটি মানুষ যেখানে আছে, সেখানে কারো মাতব্বরি চলে না- শেখ হাসিনার টিকে থাকার জন্য। আজকে কোন দেশ কি বলল, তাতে কিছু যায় আসে না। আমাদের অধিকার আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে, আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে। বাংলাদেশের বিষয়ে ভারতকে মাতব্বরি করতে নিষেধ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ভারতের উদ্দেশে বিএনপির এই নীতিনির্ধারক বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। তার অধীনে কোনো নির্বাচন হবে না। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভারত যদি আবার ২০১৪ সালের মতো, ২০১৮ সালের মতো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়- চ্যালেঞ্জ এদেশের ১৮ কোটি জনগণ এবার ছাড়বে না।” বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এই কর্মসূচি দিয়েছে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে উদ্দেশ্য করে সমাবেশে ফখরুল বলেন, “ভয়ে মুখ শুকিয়ে গিয়েছে। টেলিভিশনে দেখবেন, এখন মুখে হাসি নাই। চকচকা কাপড় কম পরেন। যারা বিদেশে বাড়িঘর তৈরি করেছিল সেটা কীভাবে রক্ষা করবে সেই চিন্তায় আছে।





