প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি অমর কবিতা, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের পথ দেখায়।
এ ভাষণ যুগে যুগে সংগ্রামীদের অনুপ্রেরণা যোগায়। ৫৬ হাজার বর্গমাইল জুড়ে দ্রোহের আগুন জ্বালিয়েছিলো, আজও এ ভাষণ মানুষের মনে সাহসের সঞ্চার করে।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার জন্য তাঁরই সুযোগ্য উত্তরসূরী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে চলা এ দেশকে কেউ ‘দাবায়া’ রাখতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, অতিরিক্ত সচিব রুহুল আমিন, অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।