জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন শ্রমজীবী মেহনতি মানুষের জন্য। জীবনের প্রতিটিক্ষণ ত্যাগ স্বীকার করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। শ্রমজীবী মেহনতি মানুষের জন্য বঙ্গবন্ধুর মতো বিশাল হৃদয়ের অধিকারী এমন দরদী, মহানুভব নেতা বিশ্বে বিরল। বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
প্রতিমন্ত্রী আজ খুলনা মহানগর শহীদ হাদিস পার্কের পাশে শঙ্খ মার্কেট চত্বরে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার অয়োজনে জাতীয় শোক দিবস এবং জাতির পিতার ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। তাই তিনি স্বাধীনতা অর্জনের পরপরই অর্থনৈতিক মুক্তির কর্মসূচি শুরু করেন। খুনিরা জাতির পিতার সে স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। জাতির পিতার সে স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে মেগা প্রকল্পগুলো গ্রহণ করেছেন। দেশের মানুষ এ মেগা প্রকল্পগুলোর সুফল পেতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই আমরা উন্নত-সমৃদ্ধ দেশ পাবো। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
খুলনা মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ মোতাহার হোসেন মিয়ার সভাপতিত্বে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিভাগীয় শ্রম দপ্তর খুলনার পরিচালক মোঃ মিজানুর রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষসহ খুলনা মহানগর আওয়ামী লীগ এবং শ্রমিক লীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। শোকসভা শেষে ১৫ আগস্টে শাহাদতবরণকারী জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে প্রতিমন্ত্রী খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল্লা নান্নুর সভাপতিত্বে দৌলতপুর থানা আওয়ামী লীগ আয়োজিত বিশাল শোক সভায় যোগদান করেন।