দীপক সরকার, বগুড়া প্রতিনিধি: আজ বুধবার সকাল থেকেই শুরু হয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। এই মেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো গাবতলী উপজেলা জুড়ে।
গত রাত থেকেই ব্যবসায়ীরা ৭২ কেজি ওজনের বাঘাইড়সহ বিশাল বিশাল আকৃতির মাছ নিয়ে এসেছে মেলায়। এছাড়াও বড় বড় রুই, কাতলা, ব্রিগেড, আইড়সহ বিভিন্ন ধরনের মাছ এসেছে মেলায়। এ মেলায় মাছে আর্কষনের পাশাপাশি অন্যতম আর্কষণ মিষ্টি। তাইতো মাছ আকৃতির ১০ কেজি ওজনের মিষ্টিসহ হরেক রকমের মিষ্টি নিয়ে এসেছে ব্যবসায়ীরা। সকাল থেকে উপজেলাসহ জেলা শহর এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ আসছে মেলায়।
এ মেলায় আর্কষনীয় গ্রাম-বাংলার পুরাতন ঐতিহ্য নাগরদোলা, চরকি, সার্কাস, জাদু খেলা, মোটরসাইকেল ও কার খেলাসহ শিশুদের জন্য অন্যান্য খেলা চলছে। মেলা উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে মেলায় কোন প্রকার জুয়া কিংবা অশ্লীল নাচ-গান করতে দেয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে হুসিয়ারীবার্তাও জানানো হয়েছে।
জনশ্রুতি আছে, প্রায় চারশো বছর আগের ঘটনা। মেলাস্থলে ছিল একটি বিশাল বটবৃক্ষ। সেখানে একদিন হঠাৎ এক সন্ন্যাসীর আবির্ভাব ঘটে। পরে সেখানে আশ্রম তৈরি করেন সন্ন্যাসীরা। এক পর্যায়ে স্থানটি পূণ্যস্থানে পরিণত হয় হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে। প্রতি বছর মাঘের শেষ বুধবার ওই স্থানে সন্ন্যাসী পূজার আয়োজন করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। পূজার স্থলে সমাগত হন দূর-দূরান্তের ভক্তরা। কালের আবর্তে স্থানটিতে লোকজনের উপস্থিতি বাড়তেই থাকে। আর পূজার অনুষ্ঠানের বাড়তি আনন্দ থেকেই গোড়াপত্তন ঘটে পোড়াদহ মেলার। বর্তমানে হিন্দু ধর্মীয় গন্ডি পেরিয়ে সবধর্মের মানুষের মেলবন্ধনে পরিণত হয় এ মেলাটি।
আর সন্ন্যাসী পূজা উপলক্ষে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বন্দরের পূর্বধারে গাড়ীদহ পশ্চিমধারে সম্পূর্ণ ব্যক্তি মালিকানা জমিতে একদিনের জন্য ঐতিহ্যবাহী এই পোড়াদহ মেলার শুরু হয়। তবে গত দু’বছর আগে থেকে মেলাটি স্থান পরিবর্তন হয়েছে। মেলা বসার পূর্বের স্থান থেকে আরেকটু পূর্বধারে এই পোড়াদহ মেলা বসছে।
বর্তমান সময়ে বগুড়া শহর থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে ইছামতির তীরে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় এ মেলা বসে। ফলে মেলাটি সবার কাছে পোড়াদহ মেলা নামেই পরিচিত।
এ মেলাকে ঘিরে আশপাশের গ্রামের সব বর্ণের মানুষ উৎসবের আমেজের কমতি নেই। তবে শুরুতে মেলাটি একদিনের হলেও কালের পরিবর্তনে এবং উৎসবমুখর পরিবেশ ধরে রাখতে দু’থেকে তিনদিন পর্যন্ত এর পরিধি বেড়েছে। এ মেলায় অনেক লোকজনের সমাগম ঘটে। এ অঞ্চলে বড় কোনো ধর্মীয় উৎসবে জামাই মেয়েদের কিংবা নিকট আত্মীয়দের দাওয়াত না দিলেও চলে। কিন্তু পোড়াদহ মেলায় সবাইকে দাওয়াত দিয়ে ধুমধাম করে খাওয়াতে হয়-যা এখন রেওয়াজে পরিণত হয়েছে। মেলা উপলক্ষে ওই এলাকার গৃহবধূরা আগেভাগেই ঘর-দুয়ার পরিষ্কার করা, মুড়ি-খৈ ভাজা, নাড়কেলের নাড়ু তৈরি শুরু করে থাকে। ইতিমধ্যে আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়ায় তারা স্থানীয়দের বাড়িতে বাড়িতে এখন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।
শুধু তাই নয়, মেলার স্থান পোড়াদহ এলাকায় হলেও মেলাটি ব্যাপ্তিতা ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্নস্থানে। পোড়াদহ মেলাকে ঘিরে ওই উপজেলার সুবোধ বাজার, দূর্গাহাটা, বাইগুনী, দাঁড়াইল, তরনীহাট, পেরীহাটসহ আশপাশের বিভিন্নস্থানে মেলা বসে। প্রতি বছরের মতো এবারের মেলারও মূল আকর্ষণ হলো দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ, মিষ্টি আর কাঠের তৈরি আবসাবপত্র। আসবাবপত্র কেনা-বেচা মেলার প্রথম দিনে শুরু হলেও মূলত মেলার পরের দুইদিনেও পুরোদমে কেনাবেচা হয়। এছাড়াও বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন জাতের বড়ই, কুল, কৃষি সামগ্রী ও খাদ্য দ্রব্য হাট-বাজারের মতোই ক্রয়-বিক্রয় হয়।
গাবতলী উপজেলা সুব্রত ঘোষ, শহিদুল ইসলাম ও আব্দুল মজিদসহ একাধিকরা জানান, পোড়াদহ মেলা মানেই আনন্দ, উল্লাসে মেতে উঠা। এ মেলা উপলক্ষে নতুন জামাই-বউ ও স্বজনদের নিমন্ত্রণ জানানো। নিমন্ত্রণ দেওয়ার ক্ষেত্রে নতুন-পুরনো বিবেচনা করা হয় না। কারণ মেলা বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের অংশ। সেই ঐতিহ্য ধারণ করে সবাই মেতে উঠি বাঁধ চিরন্তন উৎসবে।
সন্ন্যাসীখ্যাত ঐতিহ্যবাহী পোড়াদহ মেলাটি একদিনের। তবে উৎসবের আমেজ থাকে সপ্তাহব্যাপী। নতুন জামাই-বউ ও স্বজনরা মিলে এ উৎসব করেন।
এ মেলার পরিচালক স্থানীয় মহিষাবান ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেলায় নাগরদোলা, চরকি, সার্কাস, জাদু খেলা, মোটর সাইকেল খেলাসহ শিশুদের জন্য অন্যান্য খেলা চলবে।
এ মেলা উৎসব নিয়ে জানতে চাইলে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহমেদ বলেন, পোড়াদহ মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় কোন প্রকার জুয়া কিংবা অশ্লীল নাচ-গান করার চেষ্টা হলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি দাবী করেন।