পানিতে ডুবে গেছে নারায়ণগঞ্জের ধলেশ্বরী। এছাড়া ৩দিনে সদর উপজেলার তিন তিনটি এলাকা প্লাবিত । এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় এক হাজার পরিবার। এরমধ্যে মুহূর্তেই ধ্বসে পড়ছে পাকা-আধাপাকা বাড়ি।
এসব এলাকায় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিদর্শন করলেও এখনো কোন ত্রাণ বিতরণ করেননি।
কাশিপুর, এনায়েতনগর ও বক্তাবলী ইউনিয়নের তিনটি এলাকায় গত সোমবার রাত থেকে ধলেশ্বরী নদীর পানি বেড়ে বাড়িঘরে পানি উঠতে থাকে।
তিনদিনে এ পানি বেড়ে কোন স্থানে হাটু আবার কোন স্থানে বুক সমান অর্থাৎ ৩ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকার বিধবা লাকির একতলা পাকা ভবন ধসে পড়ে গেছে।তার পাশের রমজানের একতলা ভবনও ধসে পড়েছে।
একইদিন বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার মানিকের আধাপাকা বাড়িও ধসে পড়েছে। এ তিনটি পরিবার তিনদিন ধরে পানিতে বাঁশের মাচা তৈরি করে বসবাস করছেন।
লাকি বেগম জানান, রাতে হঠাৎ ভবনের একপাশ ধসে পড়ে। এসময় শব্দ পেয়ে ঘরের সবাইকে নিয়ে এক কাপড়ে বাহিরে বের হতেই পুরো ভবন মুহুর্তের মধ্যে ধসে পড়ে। ঘর থেকে কিছুই বের করতে পারিনি।
পাশের বাড়ির রমজান মিয়া বলেন, লাকির বাড়ি ধসে পড়ার কিছুক্ষণ পর আমার ভবনও ধসে পড়ে। এখন খোলা আকাশের নিচে পানির ওপর মাচা তৈরি করে ৩ দিন ধরে বসবাস করছি।
মানিক মিয়া বলেন, পানি বাড়ির চারপাশে থাকলেও আমার ঘরে উঠেনি। কিন্তু হঠাৎই রাতে পুরো ঘরটা ঝাকুনি দেয়। এসময় ভূমিকম্প ভেবে ঘর থেকে পরিবারের সবাইকে নিয়ে বেরুতেই মুহুর্তে আমার আধা পাকা ঘরটি ধসে পড়ে পানিতে তলিয়ে যায়।
ব্যবসায়ী আলীম শেখ বলেন, ৩ দিন আগে রাতে বাড়ি ফেরার সময় দেখেছি রাস্তার কিছু নিচে পানি জমেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার দরজার সামনে পানি। আমাদের পূর্ব গোপালনগর এলাকায় ৩ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে আছে।
অসহায় এ পরিবারগুলোর মধ্যে অনেক দিনমজুর পরিবারও রয়েছে। এসব পরিবারে দ্রুত ত্রাণ পৌঁছানো প্রয়োজন। অনেকেই ঘরের ভিতর মাচা তৈরি করে বসবাস করছেন। আবার অনেকেই খোলা আকাশের নিচে উচু জমিতে চৌকির উপর বসবাস করছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক জানান, খবর পেয়ে বন্যদুর্গত এলাকাগুলোতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে পরিদর্শন করেছি। অসহায় পানিবন্দি পরিবারগুলোর মধ্যে দ্রুত ত্রাণ পৌঁছানোর চেস্টা চলছে।