‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিইং’ নামের বিখ্যাত উপন্যাসের রচয়িতা মিলান কুন্ডেরার মহাপ্রস্থান। চেকোস্লোভাকিয়ার ব্রানোতে জন্ম তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। চেক প্রজাতন্ত্রের মোরাভিয়ান লাইব্রেরি আজ বুধবার এ তথ্য জানায়। কুন্ডেরার ব্যক্তিগত সংগ্রহ নিয়ে গড়ে তোলা মোরাভিয়ান লাইব্রেরির (এমজেডকে) মুখপাত্র আনা ম্রাজোভা বলেন, ‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর মিলান কুন্ডেরা গতকাল প্যারিসে মারা যান।’
১৯২৯-এর জাতক কুন্ডেরা কবিতা, নাটক, প্রবন্ধ-সহ সাহিত্যের প্রায় সব শাখাতেই তাঁর অবদান রেখেছেন। তবে, তাঁর প্রসিদ্ধি মূলত ঔপন্যাসিক বা আখ্যানকার হিসেবেই। কুন্ডেরার বাবা লুডভিক কুন্ডেরা ছিলেন খ্যাতনামী পিয়ানোবাদক ও সঙ্গীততত্ত্ববিদ। বাবার হাত ধরেই শিল্পের জগতে প্রবেশ কুন্ডরার। প্রাথমিক ভাবে সঙ্গীতের শিক্ষা লাভ করলেও পরে তিনি মনপ্রাণ ঢেলে দেন লেখালেখিতেই। ১৯৪৮-এ কমিউনিস্ট পার্টিতে যোগ দেন কুন্ডেরা। কিন্তু ১৯৫০-এই পার্টি থেকে তাঁকে বিতাড়ন করা হয় কমিউনিজম-বিরোধী কার্যকলাপের জন্য। সেই সময় প্রাগে পাঠরত ছিলেন মিলান। স্নাতক হওয়ার পর সেই শহরেই অধ্যাপনার কাজে নিযুক্ত হন। ১৯৫৬-এ তাঁকে কমিউনিস্ট পার্টির সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলেও , ১৯৬৮ সালে চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের সমালোচনা করার জন্য মিলান কুন্ডেরাকে একঘরে করা হয়। ১৯৭০ সালে আবার তাঁকে বহিষ্কার করা হয়। এরপর ১৯৭৫ সালে তিনি ফ্রান্সে পাড়ি জমান। ১৯৮১ সালে তিনি ফ্রান্সের নাগরিকত্বও লাভ করেন। যদিও পরে তাঁর চেক নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়, তবু নিজেকে ফরাসি লেখক হিসাবে পরিচয় দিতেই পছন্দ করতেন কুন্ডেরা।
মিলান কুন্ডেরার লেখার বৈশিষ্ট্য ছিল, দৈনন্দিন বাস্তবতার সঙ্গে নানা তত্ত্ব ও দর্শন মিলিয়ে দেওয়া। এ বিষয়ে তিনি তৈরি করেছিলেন শক্তিশালী স্বতন্ত্র ধারা। পেয়েছেন বহু পাঠকের প্রশংসা। এই লেখক খুব কম সাক্ষাৎকার দিতেন। তিনি বিশ্বাস করতেন, লেখকেরা কথা বলবেন তাঁদের লেখার মধ্য দিয়ে। তাঁর প্রথম উপন্যাস ‘দ্য জোক’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। সেখানে তৎকালীন চেকোস্লোভাক কমিউনিস্ট শাসনের রূঢ় চিত্র তুলে ধরেন। এই বইটি ছিল দল থেকে বহিষ্কৃত হয়ে নির্বাসিত ভিন্নমতাবলম্বী হিসেবে পরিচিত হয়ে ওঠার পথে তাঁর প্রথম ধাপ। সূক্ষ্ম রসবোধ, তির্যক বাচনভঙ্গি আর এক নির্লিপ্তিই তাঁকে ‘সকলের চাইতে আলাদা’ করে রেখেছিল। তাঁর এই বিশেষ দর্শন ও ভঙ্গিমা একুশ শতকের বিশ্বসাহিত্যের একটা বড় অংশকে বিশেষ ভাবে প্রভাবিত করে। ১৯৭৬ সালে ফ্রান্সের দৈনিক ল্য ম্যঁদ–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘তাঁর কাজকে রাজনৈতিক আখ্যা দেওয়াটা অতি সরলীকরণ এবং তা করা হলে, তাঁর লেখার প্রকৃত তাৎপর্যকে আড়াল করা হয়।’
মিলান কুন্ডেরার সাহিত্য বিচিত্র পথগামী। প্রাথমিক পর্বে তাঁর লেখালিখিতে রাজনৈতিক উচ্চারণ প্রকট থাকলেও, পরে তিনি সেই ধারা থেকে বেরিয়ে আসেন এবং ইউরোপীয় নবজাগরণ পর্বের সাহিত্যের উত্তরাধিকার তিনি বহন করছেন বলে জানান। ১৮৮৪ সালে ‘দি আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং’ উপন্যাসটি প্রকাশিত হলে সাহিত্যমহলে আলোড়ন পড়ে যায়। কুন্ডেরা পরিচিত হতে শুরু করেন ‘দার্শনিক লেখক’ হিসাবে। তাঁর পূর্ববর্তী রচনা ‘দ্য বুক অফ লাফটার অ্যান্ড ফরগেটিং’ থেকেই রেনেসাঁস লেখক সর্ভেন্তিস, জভান্নি বোকাচ্চিও বা রাবেলাইয়ের প্রভাব তাঁর রচনায় স্পষ্ট হয়ে উঠতে থাকে। তিনি নিজে সে কথা স্বীকারও করেন। কার্যত কুন্ডেরার লিখন হয়ে দাঁড়ায় ঈষৎ বঙ্কিম চালে দেখা জীবন বা জীবনোত্তীর্ণ জগতের সন্ধান। ‘ইম্মর্টালিটি’, ‘আইডেন্টিটি’ বা ‘ইগনোর্যান্স’ উপন্যাসে তিনি এই ভঙ্গিমা এবং দর্শনকেই আরও বিস্তারে নিয়ে যান।
কুন্ডেরার রচনায় স্বৈরশাসন বা স্বেচ্ছাচারী ক্ষমতার বিরুদ্ধে বার বার প্রতিবাদ ধ্বনিত হয়েছে। তবে সেই প্রতিবাদ কখনই উচ্চকিত ছিল না। তাঁর সাহিত্যের মাধ্যমে কোনও ‘বার্তা’ দিতে তিনি পছন্দও করতেন না। সূক্ষ্ম রসবোধ, তির্যক বাচনভঙ্গি আর এক আপাত-নির্লিপ্তিই তাঁকে ‘সকলের চাইতে আলাদা’ করে রেখেছিল। তাঁর এই বিশেষ দর্শন ও ভঙ্গিমা একুশ শতকের বিশ্বসাহিত্যের একটা বড় অংশকে বিশেষ ভাবে প্রভাবিত করে।