খুলনার পাইকগাছায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধূলা ধরে রাখতে এক ব্যতিক্রমী সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘিতে ‘সরল – বান্দিকাটি যুব সংঘের’ উদ্যোগে রবিবার দুপুরে এই আনন্দঘন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর এমন উৎসবমুখর আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রোববার দুপুরে দীঘির চারপাশজুড়ে ভিড় জমান শত শত উৎসুক জনতা। করতালির মাধ্যমে তারা প্রতিযোগীদের উৎসাহিত করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আধুনিকতার ছোঁয়ায় গ্রাম-বাংলার বুক থেকে হারিয়ে যাওয়া এসব ঐতিহ্যবাহী খেলাধূলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত এই আয়োজন।
যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং সুস্থ বিনোদনের খোরাক জোগাতে আগামীতেও এ ধরনের গ্রামীণ খেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরল- বান্দিকাটি যুব সংঘের সকল সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।