ডাসার প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে তারেক সরদার নামে এক এসএসসি পরীক্ষার্থীর হাত-পায়ের রগ কেটে দিয়েছে অপর পরীক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে খাশেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। ওই আহত পরীক্ষার্থী বড়চর লক্ষীপুর গ্রামের জাকির সরদারের ছেলে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার বাশঁগাড়ি এলাকার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি ব্যবহারীক পরীক্ষায় সকালে অংশ গ্রহন করেন তারেক সরদার।
এসময় পূর্ব শত্রুতার জের ধরে অপর পরীক্ষার্থী ইরান ও ফুয়াদের নেতৃত্বে কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তারেক সরদারের বাম পাঁ ও হাতের রগ কেটে দেয়।বিষয়টি দেখে স্থানীয় লোকজন তারেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। তবে ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত পরীক্ষার্থীর বাবা জাকির সরদার বলেন, প্রভাবশালী বাবুল আকনের নির্দেশে তার ভাতিজা ইরান ও ফুয়াদ মিলে বিনা কারনে আমার ছেলের হাত-পায়ের রগ কেটে দিয়েছে। আমি তাদের বিচার চাই।
অভিযুক্ত বাবুল আকন বলেন,পরীক্ষা কেন্দ্রে ছাত্ররা-ছাত্ররা মারামারি করেছে।আমার নির্দেশে করা হয়েছে এ কথা মিথ্যা ও অপপ্রচার মাত্র। খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) মোঃ আল আমিন বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাদের কোন প্রকার অবহিত না করে এসএসসি পরীক্ষা নিয়েছেন। তাই এই ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন,এ ঘটনা আসলে অনাকাঙ্খিত। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন,আমরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি।পরিস্থিতি এখন শান্ত আছে।