পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা থেকে একদিকে যেমন যশোর হয়ে খুলনা পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হবে। অপরদিকে সোজা বরিশাল হয়ে একেবারে পায়রা নতুন নৌবন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড ট্রেন লাইন করার চিন্তা-ভাবনা আছে সরকারের।
আজ বুধবার (২৭ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মুজিববর্ষ উপলক্ষে নির্মিত একটি ব্রডগেজ ও একটি মিটারগেজ কোচ সংবলিত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর এবং সংগৃহীত ৩০টি মিটারগেজ ও ১৬টি ব্রডগেজ লোকোমোটিভ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং আরও জানায়, রেলওয়েতে এখন ৩৭টি প্রকল্প চলমান। রেলওয়ের মাস্টারপ্ল্যান (২০১৬-২০৪৫) হালনাগাদ করা হয়েছে। বর্তমানে ৪৩টি জেলায় রেললাইন আছে। প্রকল্পগুলো সমাপ্ত হলে আরও ১৬ জেলায় রেললাইন যুক্ত হবে। পদ্মাসেতুতে রেললাইন নির্মাণ কাজ চলমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের সেবা করাটাই হচ্ছে আমাদের কাজ। যে কারণে এক সময় (বিএনপি আমল) বলা হয়েছিল বিআরটিসি বন্ধ করে দেওয়া হবে, কারণ এটা লাভজনক না। সরকারি প্রতিষ্ঠান কতটুকু লাভ করলো,কতটুকু লাভ করলো না সেটার চেয়ে বড় কথা মানুষের সেবা কতটুকু দিতে পারলো। মানুষ কতটুকু সেবা পেলো। মানুষের জীবনমান কতটা সহজ হলো। সেটাই হচ্ছে সব থেকে বড় কথা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘সব জায়গায়, সব কিছুই যে লাভবান হবে সেটা না। কিন্তু লাভবান করা যায়। আমরা বিআরটিসিকেও যেমন লাভবান করেছি, আজকে রেল যেটাকে অলাভজনক বলে বন্ধ করতে বলা হয়েছিল এবং বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার, সেটা চালু করে আমরা এটা প্রমাণ করেছি যে রেলকেও লাভবান করা যেতে পারে এবং করা যায়। রেলও আজকে লাভবান প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে। ’
দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে টানা তিনবারের সরকার প্রধান বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এটাই আমাদের লক্ষ্য। স্বাধীনতার জাতির পিতা আমাদের স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। কাজেই এই মর্যাদা ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। মাঝে মধ্যে বিপত্তি আসে। এটা হচ্ছে দুঃখজনক। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না মানুষকে পুড়িয়ে মারা বা চলন্ত বাস, গাড়ি অথবা রেলে আগুন দিয়ে, লঞ্চে আগুন দিয়ে এটা কোনো ধরনের আন্দোলন। এটা তো এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। অবশ্য তারা তো ক্ষমতা দখলকারীদের হাতে ক্ষমতায় বসে প্রতিষ্ঠিত পার্টি। জনগণের মধ্যে থেকে তো উঠে আসেনি। কাজেই জনগণের কল্যাণে তাদের দৃষ্টি থাকে না। ক্ষমতার লোভটাই তাদের বড়। মানিলন্ডারিং, দুর্নীতি, জঙ্গিবাদ সৃষ্টি, বাংলা ভাই সৃষ্টি, এগুলোই তো তাদের কাজ ছিল। তারা তো দেশের মানুষের কল্যাণে কিছু করেনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কমলাপুর প্রান্ত থেকে বক্তব্য রাখেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।