নিউজ ডেস্কঃ ভারত-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে নয়াদিল্লির শর্ত প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। সেই সাথে কাশ্মীর বিষয়ে আলোচনার জন্য ভারতের প্রতি আমন্ত্রণ জানিয়েছে পাক পররাষ্ট্র দপ্তর।
এর মধ্যে কাশ্মীরে চলমান সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে, ইন্দো-পাক আলোচনায় মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ।
ভারতীয় সেনা হেফাজতে এক কাশ্মীরি শিক্ষকের মৃত্যুর পর জম্মু কাশ্মীরে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার মধ্যেই ভারতীয় সেনাবাহিনী স্বীকার করেছে, নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।
একে অগ্রহণযোগ্য ও অন্যায় উল্লেখ করে ঘটনা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে সেনা কর্তৃপক্ষ। সেইসঙ্গে কাশ্মীরে চলমান উত্তেজনা কমিয়ে আনতে অনুরোধ জানিয়েছে সবাইকে শান্ত থাকার।
ভারতীয় সেনা কর্মকর্তা লে. জেনারেল ডি. এস. হুদা বলেন, ‘সংঘাতের মধ্য দিয়ে কোনো সমাধান আসে না। সবাইকে শান্ত হয়ে আলোচনার উদ্যোগ নিতে হবে। আমাদের উচিত সব পক্ষকে নিয়ে আলোচনায় বসা। কাজটা অনেক কঠিন হলেও, এটা ছাড়া কোনো উপায় নেই।’
গতমাসের শুরুর দিকে কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানি পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এলাকাটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি অভিযান ও বিদ্রোহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যসহ নিহত হয় অন্তত ৬৬ জন।
চলমান এই সঙ্কট নিরসনে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পাকিস্তানি প্রস্তাবে উত্তেজনা প্রশমনের কিছুটা আশা জাগলেও; আলোচনার বিষয়বস্তু নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারছে না দু’পক্ষ।
ভারত, কাশ্মীর বিষয় বাদ দিয়ে শুধু আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে বৈঠকে বসতে চাইলেও, পাকিস্তান চায় যেকোনো আলোচনায় কাশ্মীর সমস্যা অন্তর্ভুক্ত করতে। শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর, আলোচনার জন্য ভারতের জুড়ে দেয়া শর্তগুলোও নাকচ করে দিয়েছে।
সেইসঙ্গে কাশ্মীর বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ভিত্তিতে আলোচনায় যোগ দিতে, এ মাসের শেষদিকে ভারতীয় পররাষ্ট্র সচিব সুব্রাহ্মানিয়াম জয়শঙ্করকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়।
এ অবস্থায় কাশ্মীরসহ ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সংলাপ আয়োজনে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ।
দু’পক্ষের মধ্যে একটি স্থায়ী সমঝোতার জন্য অলোচনার বিকল্প নেই উল্লেখ করে, সব পক্ষকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন সংস্থার মহাসচিব বান কি মুন।
গত ৫ই আগস্ট জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে জাতিসংঘের কাছে পাক প্রধানমন্ত্রীর দেয়া চিঠির উত্তরে বান কি মুন এ কথা জানান।