× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ডেস্ক

মিথ্যা ধর্ম অবমাননায় নিহত দীপু চন্দ্র দাসের পরিবারকে ৪০ লক্ষ টাকার চেক প্রদান

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
দীপু চন্দ্র দাসের পরিবারকে ৪০ লক্ষ

ময়মনসিংহের ভালুকায় মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ এনে নির্মমভাবে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার শিকার নিহত দিপু চন্দ্র দাসের পরিবারকে ৪০ লক্ষ টাকার চেক প্রদান করলেন কর্মস্থল প্রতিষ্ঠান পাইওনিয়ার নিট কম্পোজিট ফ্যাক্টরি।

আজ ১১ এপ্রিল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা ক্রাইম রিপোর্টার্স ইউনিট (ক্র্যাব) মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর আয়োজনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চেক প্রদান করা হয়।

পাইওনিয়ার নিট কম্পোজিট ফ্যাক্টরির চেয়ারম্যান ও স্বত্তাধিকারী বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মোঃ বাদশা মিয়ার পক্ষে এই প্রতিষ্ঠানের ম্যানেজার(কমার্শিয়াল) প্রবীর দাস উপস্থিত ছিলেন।

এসময় দিপু চন্দ্র দাসের কর্মস্থল প্রতিষ্ঠান পায়োনিয়ার নিট কম্পোজিট ফ্যাক্টরির মালিকপক্ষ থেকে তার পরিবারকে ৪০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এই সহায়তাকে একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

মানবিক দায়বদ্ধতা ও ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক হিরেন্দ্র নাথ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক অশোক তরু সাহা, সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী, এডভোকেট সুমন কুমার রায়, এডভোকেট সুশান্ত অধিকারীসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ময়মনসিংহের ভালুকায় এক নৃশংস ঘটনার শিকার হন পায়োনিয়ার নিট কম্পোজিট ফ্যাক্টরির কর্মচারী দিপু চন্দ্র দাস। মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল দুর্বৃত্ত তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এবং আগুনে পুড়িয়ে দেয়। এই ঘটনায় দেশব্যাপী শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার পর থেকেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে রয়েছে। জোটের নেতারা সরাসরি পরিবারের সাথে যোগাযোগ রেখে তাদের মানসিক ও সামাজিক সহায়তা প্রদান করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন করে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরিবারটির প্রাপ্য সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে ২৬ জনকে আটক করেছে এবং মামলাটি বর্তমানে ময়মনসিংহ ডিবি পুলিশের তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো আসামি জামিন পাননি বলেও উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি জানান, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুজব ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।

সহ-মুখপাত্র সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, তৎকালীন অন্তর্বর্তীকালীন (ইন্টিরিম) সরকারের আমলে দেশে ব্যাপকভাবে মব সন্ত্রাস বৃদ্ধি পেয়েছিল ও ব্যাপকহারে সংখ্যালঘু নির্যাতন ঘটনা ঘটেছিলো। যা সংখ্যালঘুদের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছিল।

তবে তিনি উল্লেখ করেন যে, বর্তমানে নির্বাচিত সরকারের আমলে সেই পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। তার মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনাও তুলনামূলকভাবে কমেছে। তিনি আশা প্রকাশ করেন, এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে দেশে স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইতিবাচক পরিবর্তন সত্ত্বেও বিচ্ছিন্ন কিছু ঘটনা এখনো ঘটছে। যা সম্পূর্ণরূপে নির্মূল করতে হলে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। এজন্য তিনি সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের গুজবনির্ভর সহিংসতা প্রতিরোধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। তবেই দেশে একটি টেকসই শান্তি, ন্যায়বিচার এবং সম্প্রীতির পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

দাবিসমূহ:

১. এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২. সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩. গুজব ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে।
৪. সংখ্যালঘু সম্প্রদায়ের ০৮ দফা দাবি বাস্তবায়নে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বক্তারা জোর দিয়ে বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিরাপদে বসবাস করবে এটাই দেশের সংবিধানসম্মত প্রত্যাশা। সেই লক্ষ্যে রাষ্ট্র, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চাই। যেখানে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অবদান রাখবে। এভাবেই একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


এ ক্যটাগরির আরো খবর..