নির্বাচনে সরকার কারচুপি না করলে বিএনপি এবারও জিতবেঃ নোমান

বিশেষ প্রতিবেদকঃ আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘ভোট গণনার আগেই বলতে পারি, দুই সিটি নির্বাচনে সরকার কারচুপি না করলে বিএনপি আগেও জিতেছে, এবারও জিতবে।’ আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের অবিলম্বে মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে নোমান এ কথা বলেন। জিয়া পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের ভোট বিএনপিতে যোগ হবে। কিন্তু বিএনপির ভোট আওয়ামী লীগে যাবে না। সেদিক থেকে ভোট গণনার আগেই আমরা বলতে পারি, দুই সিটি নির্বাচনে সরকার কারচুপি না করলে বিএনপি আগেও জিতেছে, এবারও জিতবে।’ গাজীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস চলছে অভিযোগ করে নোমান বলেন, ‘আওয়ামী লীগের বেলায় আইন অমান্য হচ্ছে না। আর নির্বাচন কমিশন সেখানে দুচোখে দুই রকম করে দেখছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘একটি কথা আমি বলেছিলাম। তার জবাব মনে হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপি চায় না, তারেক রহমানকে দেশে ফেরাতে। আমি দুটি মিটিংয়ে আমার ব্যক্তিগত দায়িত্বে এটা বলেছিলাম যে আমি মনে করি, দেশনায়ক তারেক রহমানের দেশে আসা উচিত নয়। কারণ, উনি দেশে কেন আসবেন, মিথ্যা মামলায় ১০ বছরের জেল খাটার জন্য এবং তার নিজের জীবনের যে শঙ্কা, সেটার জন্য? সে জন্য তার এখন আসার দরকার নেই। আজকে যে প্রযুক্তির যুগে, তাঁর সঙ্গে আমাদের যে যোগাযোগ হচ্ছে, সেই যোগাযোগের প্রেক্ষাপটে তাঁর নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রামকে গড়ে তুলছি। আরো বলিষ্ঠভাবে গড়ে তুলতে পারব। তাই তাঁর দেশের আসার যে পরিস্থিতি, সেটা এ মুহূর্তে নাই।’

বর্তমান সরকারের নেতৃত্বে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। এর পর সহায়ক সরকার হোক বা আলোচনার মাধ্যমে সংবিধানে নতুন ধারা সৃষ্টি করুক, যাতে জনগণ নির্বাচনে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে।’

আয়োজক সংগঠনের সহসভাপতি ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।