নিজেকে বার্সার যোগ্য ভাবেননি সুয়ারেজ

‘জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই’—লুইস সুয়ারেজের মনে এই কথাটাই হয়তো ফিরে ফিরে আসছিল। মেসি, নেইমার, ইনিয়েস্তাদের সঙ্গে বার্সায় কতটা কী করতে পারবেন, সেটা নিয়ে তাঁর নিজেরই সংশয় ছিল। সুয়ারেজ নিজেই এত দিন পর জানালেন এ কথা।

২০১৪ সালে যখন লিভারপুল থেকে বার্সায় যোগ দিয়েছিলেন, ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়টা পার করছিলেন। বিশ্বকাপে ইতালির কিয়েলিনিকে কামড়ে দেওয়ার জন্য চার মাস নিষিদ্ধ হয়েছিলেন। বার্সেলোনা ওই সময়েই তাঁকে দলে নেয়। এ রকম বিতর্কিত একজন ন্যু ক্যাম্পে কতটা কী করতে পারবে—সেটা নিয়ে বার্সার সাবেকরাই তাদের সংশয়ের কথা জানিয়েছিলেন।

এখন তারা নিশ্চয় সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এমনকি মেসি, নেইমারও মাঝে মধ্যে ম্লান হয়ে যাচ্ছেন সুয়ারেজের দ্যুতিতে। গত মৌসুমে ত্রিমুকুট তো জিতেছেনই, এই মৌসুমে এর মধ্যেই ৪৩ গোল করে ফেলেছেন। আরেকটি ত্রিমুকুট এখন বার্সার দিগন্তে ভালোভাবেই দেখা দিচ্ছে।

সুয়ারেজ নিজেও নাকি ছিলেন সেই সংশয়বাদীদের দলে, ‘বার্সায় নাম লেখানোর স্বপ্ন আমার অনেক আগে থেকেই ছিল। আমি ৯ নম্বর জার্সির প্রত্যাশা মেটাতে পারব কি না , সেটা নিয়ে আমি দ্বিধায় ছিলাম।’ তবে এখন সেটা মাথা থেকে ঝেড়ে ফেলছেন, ‘সবাই সেরাদের সঙ্গে খেলার স্বপ্ন দেখে। মেসি, নেইমার, ইনিয়েস্তা বা বুসকেটসদের সঙ্গে যেমন আমি এখন খেলতে পারছি, এটাই আমি চেয়েছিলাম।’

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।