দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই ২০২০ সাল থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জাতীয় সংসদে রোববার চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদের মৌখিক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
তিনি বলেন, ইতোমধ্যেই সরকার কর্তৃক দেশের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু করার কাজ চলছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধ্যন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর তা অনুষ্ঠিত হবে।
মন্ত্রী আশা করেন, ২০২০ সাল থেকে সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যাংক ড্রাফট বিষয়ে নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট অসীম কুমারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ব্যাংক ড্রাফটের মাধ্যমে গ্রহণীয় অর্থ মওকুফ করার কোনো পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেই।