দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে মানুষের নৈতিক ও আত্মিক উন্নয়ন প্রয়োজন। দেশ গঠনের স্বার্থে সমষ্টিগতভাবে এগিয়ে আসতে হবে। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সংসদের বাইরে থেকে বিএনপি টিভি, রেডিও এবং সংবাদপত্রে যে প্রচার পায়, ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ তা পায় না। তারা সংসদে না থেকেও রাজপথে বক্তব্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে জায়গা করে নিচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হয়েও তেমন স্পেস (জায়গা) পায় না।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা সকাল বিকাল দুইবেলা বক্তব্য দিয়েও বলেন, তাদের না কি কথা বলার অধিকার নেই। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে নানা পদক্ষেপ নিয়েছে।
হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া সন্তুষ্ট। অথচ তার দলীয় নেতারা এমনভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বলেন, যেন তারা একেকজন বিশেষজ্ঞ চিকিৎসক।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসাব্যবস্থা নিয়ে সরকার যে ধরনের সহযোগিতা করছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তার পছন্দ অনুযায়ী ফিজিওথেরাপিস্ট, সেবিকা, পরিচারিকা দেয়া হয়েছে। একমাস ধরে বিএসএমএমইউতে তার জন্য কেবিন বরাদ্দ রাখা হয়েছিল। তিনি তা গ্রহণ করেননি।
তিনি বলেন, বিদেশীদের কাছে ধর্না দেয়া নয়, বিএনপি যদি বাংলাদেশের জনগণের দল হয়ে থাকে তাহলে জনসাধারণের কাছেই থাকা উচিত।
বিসিটিআইয়ের প্রধান নির্বাহী মোহাম্মদ আজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।





