আমরা দারিদ্র্য ২১ ভাগে নামিয়ে এনেছি। আগে যা ছিল ৪০ ভাগ। আজকে মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত হয়েছে।’ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে দেশের মানুষের জীবনে দিনবদলের যাত্রা শুরু হয়েছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারপ্রধান বলেন, “বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের ক্ষমতায় এনেছে। ২০০৯ থেকে ২০১৮ সাল প্রায় ১০ বছর সরকারে রয়েছি। আমরা নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম ‘দিনবদলের সনদ’। আজকে বাংলাদেশে মানুষের জীবনে সত্যি পরিবর্তন হয়েছে এবং দিনবদলের যাত্রা শুরু হয়েছে।”
শেখ হাসিনা বলেন, ‘আমরা যাঁরা রাজনীতি করি, শুধু নিজের ভাগ্য গড়া নয়, নিজেদের আর্থিক সচ্ছলতা নয়; দেশের মানুষকে কতটুকু দিতে পারলাম, তৃণমূল পর্যায়ের মানুষ কী পেল, তাদের ভাগ্য কতুটুকু পরিবর্তন হয়েছে সে লক্ষ্য হতে হবে।’
নির্বাচিত প্রতিনিধির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যাঁরা নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে ভোট চাইতে গিয়েছিলেন, যে ভোট তারা আপনাদের দিয়েছে, তার বিনিময়ে আপনি যত দিন থাকবেন (ক্ষমতায়) তাদের কী দিতে পারলেন, সেই হিসাবটা করতে হবে।’
আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, ‘আমরা সরকারে আসার পর সেই চেষ্টাটাই করেছি। যার ফলে আজকে বাংলাদেশের মানুষের জীবনে ভাগ্যের পরিবর্তন হয়েছে, দিনবদলের পালা শুরু হয়েছে। আর্থসামাজিক উন্নয়ন হয়েছে।’
বরিশাল সিটি মেয়রের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের বরিশাল বিভাগ কতটা অবহেলিত ছিল, একবার চিন্তা করে দেখেন। প্রথমবার ক্ষমতায় এসেই সেই শিকাপুর দোয়ারিকা, গাবখানসহ বিভিন্ন ব্রিজ ও রাস্তাঘাটের উন্নয়ন করি।’
তিনি আরো বলেন, ‘বরিশালের যে শস্যভাণ্ডার নাম, সেই নামটাই হারিয়ে গিয়েছিল, আমরা সেই হারানো গৌরব ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি। বরিশাল বিভাগজুড়ে উন্নয়ন চলছে।’

