দি নিউজ, চট্টগ্রাম অফিসঃ রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ৩৯৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩০৬টিকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে ঘোষণা করা হয়েছে। ভোটের দিন এসব কেন্দ্রের প্রতিটিতে ২৪ সদস্য বিশিষ্ট নিরাপত্তা বাহিনীর একটি দল দায়িত্ব পালন করবে।
এদিকে, সিটি নির্বাচনকে সামনে রেখে শনিবার থেকে তিন শহরে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন ও আনসারের ২৫০টি নিরাপত্তা দল ভ্রাম্যমাণ বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।
নির্বাচনবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত ১১৭টি দল, র্যাবের ৮৭টি দল এবং বিজিবির ৪৮ প্লাটুন সদস্য ভ্রাম্যমাণ বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে চার দিন মোতায়েন থাকবে।
এছাড়া, সোমবার হতে যাওয়া তিন সিটি নির্বাচনের দিন প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জনের একটি দল মোতায়েন করা হবে। সাতজন সশস্ত্র পুলিশ, তিনজন সশস্ত্র ব্যাটালিয়ন আনসার, দুজন সশস্ত্র অঙ্গীভূত আনসার এবং ১২ জন আনসার/ভিডিপি সদস্য লাঠিসহ দায়িত্ব পালন করবেন। অন্যদিকে প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ২২ সদস্যের নিরাপত্তা বাহিনী দায়িত্বে থাকবে বলে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে তিন সিটি করপোরেশনের ৩৯৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩০৬টিকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে ঘোষণা করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনে ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৪টি, সিলেট সিটি করপোরেশনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৮০টি এবং বরিশাল সিটি করপোরেশনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ১১২টি ‘গুরুত্বপূর্ণ’।
এদিকে, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিন সিটির ৮৭টি সাধারণ ওয়ার্ডের প্রতিটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২৯টি সংরক্ষিত ওয়ার্ডে একজন করে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ১ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, তিন সিটিতে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, নির্বাচনী এলাকায় পুলিশ, এপিবিএন ও আনসার এবং র্যাবের দুই শতাধিক দলকে ভ্রাম্যমাণ বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি নির্বাচনী এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজশাহীতে ১৯ প্লাটুন, বরিশালে ১৫ প্লাটুন এবং সিলেটে ১৪ প্লাটুন করে মোট ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন আছে।
নির্বাচন তত্ত্বাবধানের জন্য বর্তমানে রাজশাহীতে অবস্থান করা শাহাদাত হোসেন ইউএনবিকে বলেন, সেখানে নির্বাচনী পরিবেশ বেশ ভালো এবং বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজশাহী সিটিতে তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন, সিলেটে তিন লাখ ২১ হাজার ৭৩৬ জন এবং রবিশালে দুই লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার রয়েছেন।
রাজশাহীতে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলসহ পাঁচজন মেয়র পদে এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১৬০ জন ও নারীদের জন্য সংরক্ষিত ১০টি কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরিশালে মেয়র পদে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিএনপির মজিবর রহমান সরওয়ারসহ সাতজন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ৯৫ জন ও নারীদের জন্য সংরক্ষিত ১০টি কাউন্সিলর পদে ৩৪ জন নির্বাচনী দৌঁড়ে সামিল হয়েছেন।
সিলেটে আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরীসহ সাতজন মেয়র পদে এবং ২৭টি সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন ও সংরক্ষিত ৯টি কাউন্সিলর পদ ৬৬ জন নারী নির্বাচন করছেন।
নির্বাচনী এলাকাগুলোতে শুক্রবার মাঝরাত থেকে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। অন্যদিকে শনিবার মাঝরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। এখন সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে যাওয়া ভোট গ্রহণের অপেক্ষা চলছে।-ইউএনবি