মাদারীপুরের ডাসারে ঠাকুর রুদ্র দাশ (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম খিলগ্রাম সড়কের পাশে ডাইয়ার বিলের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুর রুদ্র দাশ বাকপ্রতিবন্ধী ছিলেন। তিনি শনিবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
রবিবার সকাল ৮টার দিকে স্থানীয়রা ডাইয়ার বিলের জমিতে পানিতে তার লাশ ভেসে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ঠাকুর রুদ্র দাশ বাকপ্রতিবন্ধী হওয়ার পাশাপাশি মৃগী রোগেও ভুগছিলেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে,লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।


