আব্দুল আউয়াল, জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নাধীন ফাড়াবাড়ী হাট নামক স্থানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফাড়াবাড়ী শাখার কর্মচারী রবিউল ইসলাম(২৬)’র ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ফাড়াবাড়ী হাট রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চত্বর এলাকায় স্থানীয়রা ব্যাংকের ভেতর থেকে মানুষের ধস্তাধস্তি ও চিৎকার শুনতে পায়। পরে তারা ব্যাংকের দিকে এগিয়ে যায় ও ডাকাত সন্দেহ করে ব্যাংক ঘিরে ফেলে তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।পুলিশ সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করলে রবিউল ইসলামের ক্ষত-বিক্ষত দেহটি দেখতে পায়।
ব্যাংকের ম্যানেজার তৌফিকুল ইসলাম জানান, তিনি তাঁর কম্পিউটার অপারেটরের মাধ্যমে ফোন পেয়ে ব্যাংকে ছুটে আসেন। প্রাথমিকভাবে কোনকিছু খোয়া গেছে কিনা তা দেখা হয়নি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে।এ সময় দুর্বৃত্তদের ফেলে যাওয়া ৪ জোড়া সেন্ডেল ও ১টি চাপাতি আলামত হিসেবে উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ।