গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর নরেন্দ্র মোদি সমাধি কমপ্লেক্স ঘুরে দেখেন।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন। পরে স্বাধীন বাংলাদেশের স্থপতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।
প্রথম কোনো বিদেশি সরকারপ্রধান হিসেবে তিনি টুঙ্গীপাড়া সফর করছেন। মোদি সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং একটি গাছের চারা রোপণ করবেন। পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।
সকালে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে পূজো দিয়ে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন মোদি।





