বিশেষ প্রতিবেদকঃ জার্মান গবেষণার প্রতিবেদনটি একচোখা। তারা জঙ্গি-সন্ত্রাস দমনের ঘটনাকে অন্যভাবে চিত্রায়িত করছে।
এটা ঠিক না। পৃথিবীর কোথাও অগণতান্ত্রিক শক্তি বিনাশের বিপক্ষে কেউ ওকালতি করে না। বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সবুজ কলি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
ইনু আরও বলেন, বাংলাদেশে নিয়মমতো সকল নির্বাচন হচ্ছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। গণমাধ্যমের প্রসার এবং বিকাশ ঘটছে। সংবিধান অনুযায়ী বক্তব্য, বিবৃতি, সভা-সেমিনার এবং সমালোচনা করার অধিকার রয়েছে। তথ্যমন্ত্রী বলেন, সরকার জঙ্গি-সন্ত্রাস, নাশকতাসহ অগণতান্ত্রিক কর্মকাণ্ড মোকাবেলা করে গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করছে।
অন্যদিকে বিএনপি অসংবিধানিক ভূতের সরকার গঠনের চেষ্টা করছে। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা প্রমুখ।





