× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর

ACP
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২৬
সংস্কৃতি মন্ত্রী

জাদুশিল্পকে পারফর্মিং আর্টের একটি অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘জাদুশিল্পী ঐক্য সংস্থা’ আয়োজিত বর্ণাঢ্য ‘অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে বিশালতা, তার মধ্যে জাদুশিল্প অন্যতম একটি প্রাচীন ও প্রতিষ্ঠিত শিল্প মাধ্যম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আমাদের ঐতিহ্যবাহী জাদুশিল্পীরা ও সাপুড়েরা দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছেন।

মানুষের সংগ্রামের সাথী হওয়া এবং সুস্থ বিনোদন দেওয়ার এই শিল্পকে আমরা আর অবহেলায় রাখতে পারি না। আজ থেকে এই জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করা হলো।

তিনি আরও বলেন, “পারফর্মিং আর্ট তথা যাদুশিল্প হচ্ছে আমাদের সৃজনশীল অর্থনীতি বা ‘ক্রিয়েটিভ ইকোনমি’র একটি অন্যতম শক্তিশালী মাধ্যম, যা বিনোদনের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। নতুন অর্থবছর (জুলাই) শুরু হওয়ায় জাদুশিল্পীদের কল্যাণে বাজেট থেকে সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

এ সময় তিনি প্রতি মাসে অন্তত একবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাদু প্রদর্শনীর আয়োজন করার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মতি জ্ঞাপন করেন। মন্ত্রী পাহাড় ও সমতলের সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করে হাজার বছরের পুরনো বিশ্বখ্যাত বাঙালি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর এবং জাদুশিল্পী ঐক্য সংস্থার প্রধান উপদেষ্টা জুয়েল আইচ। তিনি দেশে জাদুশিল্পের প্রসারে সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহ, যিনি দেশীয় যাদুশিল্পের বর্তমান বাস্তবতার নানাদিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যাদুশিল্পী ঐক্য সংস্থার উপদেষ্টা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন, সংস্থার উপদেষ্টা বিপাশা আইচ, এটিএন মিডিয়া কমিউনিকেশনস-এর সিইও ও উপদেষ্টা সাজেদুর রহমান মুনীম, বিআরবি ক্যাবলস-এর ডিজেএম ও উপদেষ্টা মো. সাইফুল ইসলাম এবং এটিএন এডুকেশন লিমিটেডের পরিচালক ও উপদেষ্টা রোকসানা আখতার রিনি।

অভিষেক অনুষ্ঠান শেষে দেশের শীর্ষস্থানীয় ও উদীয়মান নারী-পুরুষ জাদুশিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ ও চোখ ধাঁধানো যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা মিলনায়তনে উপস্থিত বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা করতালির মাধ্যমে উপভোগ করেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সপরিবারে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন এবং শিল্পীদের অনুপ্রেরণা জোগান।


এ ক্যটাগরির আরো খবর..